দিনাজপুরের ইস্কন মন্দিরে হামলার প্রতিবাদ ও নিন্দা
দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু এবং বাউল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গতকাল শনিবার বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে বিদেশিদের হত্যা, খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা ও হুমকির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সংস্থাটি আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে। দেশের নিরাপত্তার স্বার্থে এটা জরুরি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বলা হয়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে, তা স্পষ্ট। দেশের মানুষ কোনোভাবেই এই ধরনের সহিংস তৎপরতা মেনে নেবে না।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুহাম্মদ জাফরউল্লাহ খান ও সংখ্যালঘুবিষয়ক কেন্দ্রীয় উপদেষ্টা সঞ্জীব চৌধুরী এক বিবৃতিতে বলেন, এই হামলা আবারও প্রমাণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। তাই বিবৃতি দিয়ে দায় না সেরে সবাইকে সক্রিয় হতে হবে। অপশক্তিকে অকার্যকর করতে চারদিকে সতর্ক দৃষ্টি দিয়ে মাঠে নামতে হবে।