দিনাজপুরের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী তিনি। হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাম পারুল নাহার। কাল ৩১ মার্চ হাকিমপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত চার দিন সরেজমিনে উপজেলার তিনটি ইউনিয়ন খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট এবং পৌর শহর ঘুরে সর্বত্র পারুলকে নিয়ে আলোচনা হতে দেখা গেছে। চেয়ারম্যান হিসেবে তিনি কতটা সফল হবেন, সীমান্তবর্তী শহর হওয়ায় মাদক প্রতিরোধে ভূমিকা রাখতে পারবেন কি না—এসব আলোচনা চলছে পাড়া-মহল্লায় ও চায়ের টেবিলে।
বাংলা হিলি মহিলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ নাসিমা আখতার, আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবিহা আখতার বানু ও লোকমান হোসেনসহ উপজেলার চারটি ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধি জানান, পারুল নাহার পৌর কমিশনার এবং পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নারী শিক্ষা, নারী নির্যাতন রোধ, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাঁকে নির্বাচিত করতে তাঁরা কাজ করছেন।
বিএনপি সূত্র জানায়, পারুল উপজেলা বিএনপির সহসভাপতি এবং জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক। ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় সম্প্রতি দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
পারুল নাহার জানান, তিনি ২০০৫ সালে প্রথমবারের মতো নির্বাচন করে পৌর কমিশনার নির্বাচিত হন। ২০০৯ সালে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেও নির্বাচিত হন। বিএনপি থেকে বহিষ্কার করা সত্ত্বেও তিনি চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন।
হলফনামায় দেওয়া তথ্য মতে, পারুল নাহার ২০০০ সালে হাকিমপুর ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাস করেছেন। তিনি নিঃসন্তান। তাঁর স্বামী সুলতান চৌধুরী পরিবহন বুকিং মাস্টার।
পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা পারুল নাহার দ্রুত বিচার আইনের একটি মামলায় বর্তমানে জামিনে আছেন। তিনি বাড়িভাড়া বাবদ বছরে ২৪ হাজার টাকা আয় করেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বছরে তিনি এক লাখ ৭৪ হাজার টাকা আয় করেন। তাঁর নগদ টাকার পরিমাণ এক লাখ টাকা এবং ব্যাংকে জমার পরিমাণ ৫০ হাজার টাকা।
নির্বাচনী ব্যয়ভার বহনের উৎস হিসেবে তিনি নিজে এক লাখ টাকা এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধার বাবদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বেচ্ছায় প্রণোদিত দান বাবদ এক লাখ ৭০ হাজার টাকা পাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।