দিনাজপুরের দুই উপজেলায় বোরো আবাদ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় বোরো আবাদ কমে গেছে। এই দুই উপজেলায় গতবারের তুলনায় এবার এক হাজার হেক্টর কম জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার পরও এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।সরেজমিনে দেখা গছে, বোরো ধানের খেত পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখন ধানের গাছে শিষ আসতে শুরু করেছে। এ সময় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার কৃষক আবু সাইদ জানান, তাঁর মোট জমির পরিমাণ ১৭ বিঘা। তিনি এবার বোরো আবাদ করেছেন মাত্র সাত বিঘা জমিতে। বাকি জমিতে অন্য ফসল আবাদ করেছেন।ঘোড়াঘাটের নুরপুর গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, দিন দিন যে হারে কৃষি উপকরণের দাম বাড়ছে, সেই অনুপাতে ধানের দাম বাড়েনি। গত বছর এক বিঘা জমিতে বিদ্যুৎ-চালিত সেচযন্ত্রের মাধ্যমে পানি দিতে খরচ হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা। এবার তা বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। আর ডিজেলচালিত শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিতে প্রতি বিঘায় এক হাজার ৮০০ টাকা খরচ পড়ছে। এমনিভাবে বেড়েছে কৃষিশ্রমিকের দামও। উপজেলার ডুগডুগি গ্রামের কৃষক রমজান আলী ও সোবহান আলী জানান, বাজারে এক বস্তা ইউরিয়ার দাম এক হাজার টাকা, পটাশ ৭৫০, ড্যাব এক হাজার ৩৫০, টিএসপি এক হাজার ১২০ ও ডিজেল প্রতি লিটার ৬২ থেকে ৬৩ টাকা। কিন্তু সেই তুলনায় ধানের দাম বাড়েনি।দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট উপজেলায় এবার চলতি মৌসুমে ৫০ হাজার ৫৫৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।নবাবগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ধানের তুলনায় ভুট্টার জমিতে অনেক কম সেচ দিতে হয়। তা ছাড়া আবাদের খরচও কম, বাজারে ভুট্টার দামও বেশি। তাই কয়েকজন কৃষক ধানের পরিবর্তে ভুট্টা আবাদ করেছেন। এ কারণে লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় এবার কম ধরা হয়েছে। তার পরও লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হচ্ছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, গতবারের তুলনায় এবার ভুট্টার আবাদ বেশি হয়েছে। গম ও আলুর আবাদ কমেছে। বোরোর আবাদ কম হলেও তেমন কোনো প্রভাব পড়বে না।