দিনাজপুরের ধর্ষণের শিকার শিশুটির জটিলতা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি এখনো সুস্থ হয়নি। ঘটনার প্রায় দুই মাস পরও সে ধকল কাটিয়ে উঠতে পারেনি। সে এখনো একা হাঁটতে পারে না, প্রস্রাবও ধরে রাখতে পারছে না।
এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী বিলকিস বেগম। শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন।
গত ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জনন অঙ্গে অস্ত্রোপচার হয়। গতকাল বুধবার অস্ত্রোপচারের সেলাই কাটা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক বলেন, অস্ত্রোপচারের পর কিছু জায়গায় (ব্লাডার) এখনো সমস্যা রয়ে গেছে।
শিশুটির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত নয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বৃহস্পতিবার পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন শিশুটিকে তার বাড়ির কাছে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল। শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়েছে। সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।