দিনাজপুরের পৌর মেয়র লাঞ্ছিত
দিনাজপুর পৌরসভার গণশৌচাগার ইজারা পছন্দের ঠিকাদারকে পাইয়ে দিতে দরপত্র ঘাপলার অভিযোগ এনে ঠিকাদারেরা পৌরসভার মেয়রকে লাঞ্ছিত করেছেন। তাঁরা মেয়রকে এক ঘণ্টা তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর মেয়রের কক্ষে শহরের এন এ মার্কেটের গণশৌচাগার ইজারার দরপত্র বাক্স খোলা হয়। মূল্যায়নের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. রুবেল নামে একজন ঠিকাদারের নাম ঘোষণা করা হয়।
এ সময় ঠিকাদারেরা চ্যালেঞ্জ করলে দাখিল করা ১০টি দরপত্রের স্থলে নয়টি দরপত্র পাওয়া যায়। আশিফ রিয়াদের দরপত্রটি খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জবাব দিতে না পারায় ক্ষিপ্ত ঠিকাদারেরা তাঁকে লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বেলা আড়াইটার দিকে মেয়র উপস্থিত ঠিকাদারদের কাছে ক্ষমা চেয়ে পুনরায় দরপত্র আহ্বান করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে দ্রুত পৌরসভা ত্যাগ করেন।