দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র সাময়িক বরখাস্ত
দিনাজপুরের ফুলবাড়ীর পৌর মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের চিঠি দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়। জেলা প্রশাসক মীর খায়রুল আলম আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়ের করা মামলায় পৌর মেয়র মুরতুজা সরকার মানিককে অভিযুক্ত করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১-এর উপধারা (১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই আদেশে ১ নম্বর প্যানেল মেয়র মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ীর পৌর মেয়র মুরতুজা সরকার মানিক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমি বরখাস্ত আদেশের চিঠি পাইনি, তবে লোকমুখে বিষয়টি শুনেছি। আমি কোনো দল করি না। ফুলবাড়ী রক্ষার আন্দোলনে জনগণের পাশে থাকায় পৌর এলাকার ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন। ফুলবাড়ীর মানুষ আমাকে যে নির্দেশ দেবে, আমি সে মোতাবেক পদক্ষেপ নেব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘এশিয়া এনার্জির দায়ের করা মামলায় আমি জামিনে আছি। আদালতে নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছি। এরপরও কার স্বার্থ রক্ষায় আমাকে বরখাস্ত করা হলো বুঝতে পারছি না।’
২০১৪ সালের ২৬ নভেম্বর এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাই ফুলবাড়ীতে এসে গোপন বৈঠক করার সময় উন্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলনকারীরা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও করেন। এ সময় উত্তেজিত জনতা অফিসের বাইরে থাকা কয়েকটি আসবাব ভাঙচুর করে। এ ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান ২০১৪ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে ফুলবাড়ী রক্ষার আন্দোলনকারী সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ও পৌর মেয়র মুরতুজা সরকার মানিকসহ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি ফুলবাড়ী থানার এসআই শাহ আলম সরদার তদন্ত করে এজাহারভুক্ত ১০ জনসহ আরও ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৮ নভেম্বর দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত পৌর মেয়র মুরতুজা সরকার মানিক জামিন নেন।