দিনাজপুরের মামলায় আট আসামির সাতজনই খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দিনাজপুরে করা মামলার আট আসামির সাতজনকেই খালাস দিয়েছেন আদালত। একমাত্র পলাতক আসামি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শহরের ক্ষেত্রীপাড়া এলাকার মো. আফজাল হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দিনাজপুরের বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. গাজী রহমান এ রায় দেন। মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা হলেন: দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. তোজাম্মেল হোসেন, খানপুর গ্রামের মো. নজরুল ইসলাম, সৈয়দপুর গ্রামের রশিদ বিন মকবুল, শহরের রামনগর এলাকার আমিনুল ইসলাম, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসার শিক্ষক আবু রাজিন মো. আবদুল মতিন, বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের আবু রায়হান ওরফে রেহান ও বরগুনার মো. রাজু। আসামিদের মধ্যে নজরুল, মকবুল ও রাজু দিনাজপুর কারাগারে এবং বাকি চারজন জামিনে মুক্ত ছিলেন। কারাবন্দী তিনজন রায়ের পর গতকালই মুক্তি পেয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) হাসনে ইমাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই আসামি ও বাদীপক্ষের সাক্ষ্য শেষ হয়েছিল। তা ছাড়া সাক্ষীরা কেউ প্রত্যক্ষদর্শী ছিলেন না। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। তবে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. হামিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় পুলিশের করা মামলাটি ছিল ত্রুটিপূর্ণ। সাক্ষী নির্ধারণও সঠিক ও সচেতনভাবে করা হয়নি।