দিনাজপুরের রসুনচাষিদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের রসুনচাষিদের মাথায় হাত পড়েছে। বর্তমানে স্থানীয় বাজারে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে রসুন বিক্রি হচ্ছে। রসুন আবাদ করে অনেকের উৎপাদন খরচও উঠছে না। ২৪ ও ২৫ মে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ও ভাবকী ইউপির বিভিন্ন গ্রামের রসুনচাষিদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দিনের কথা জানা গেছে।সরেজমিনে দেখা যায়, খামারপাড়ার গারাপাড়া, কায়েমপুর, জোয়ার, ডাঙ্গাপাড়া; ভাবকীর আগ্রা, গুলিয়ারা, রামনগর, চক-কাঞ্চন, কাচিনিয়া, দেউলচক, ভাবকী, মাড়গাঁও, উত্তম পাড়াসহ বিভিন্ন গ্রামে শত শত কৃষক রসুন চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক আনোয়ারুল আলম জানান, চলতি মৌসুমে দিনাজপুরে এক হাজার ৪২২ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। এর মধ্যে খানসামা উপজেলায়ই সাড়ে ৪০০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে।কৃষকেরা জানান, প্রতি একর জমিতে রসুন চাষ করতে তাঁদের খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। একরপ্রতি ৮০ থেকে ১২০ মণ পর্যন্ত রসুন হয়। এ বছর রসুনের চাহিদা কম। গ্রামে ১৫ টাকা কেজি দরে ও হাটে ২০ টাকা আর দিনাজপুর শহরে ২৫ টাকা কেজি দরে রসুন বিক্রি হচ্ছে।২৫ মে শুক্রবার কাচিনিয়া হাটে গিয়ে দেখা যায়, পাকা রাস্তার দুই ধারে রসুনের হাট বসেছে। রসুন বিক্রি করতে আসা আগ্রা গ্রামের কৃষক মাইজার রহমান বলেন, ‘তিন বছর ধরি ওসুনের বাজার খারাপ। ওসুন উঠিবার পর কৃষক যখন বেচিবা আনেছে, তখন দাম নাই। হাটত কিনিবার মানুষ নাই। ছয় মাস পর যখন কৃষকের ঘরত ওসুন শেষ হই যায়, তখন দাম খালি বাড়ে। মেহনত করে কৃষক আর লাভ খায় মজুদদাররা।’