দিনাজপুরের শিশুটি বাড়ি ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি বাড়ি ফিরে বেশ খুশি। তবে সে এখন পর্যন্ত একা হাঁটতে পারছে না। আধা ঘণ্টা পরপর প্রস্রাবে কাপড় ভিজে যাচ্ছে।
গত শনিবার শিশুটি দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়িতে ফেরে। পরদিন রোববার পার্বতীপুর থানায় সাক্ষ্য দিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাটে শিশুটির।
১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন শিশুটিকে তার বাড়ির কাছে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শিশুটির জননাঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ছিল। শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত ২১ নভেম্বর ওর জননাঙ্গে অস্ত্রোপচার হয়।
শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়েছে। সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। আফজাল হোসেন পলাতক।
গতকাল সোমবার মুঠোফোনে শিশুটির মা-বাবার সঙ্গে কথা হয়। মা বললেন, ১৫ দিন পর চিকিৎসকেরা ওকে আবার ঢাকা মেডিকেলে নিতে বলেছেন। আর তিন মাস পর আবার অস্ত্রোপচারের কথা বলেছেন। এক ফাঁকে মুঠোফোনে শিশুটিও বলল, ‘আমি ভালো আছি, খাওয়া খাই।’ পরে মা হাসতে হাসতে বললেন, মেয়ে বাড়ি এসে খুব খুশি। তার কথা বলার সময় নেই।
কথা বলার শুরুর দিকে শিশুটির মায়ের কণ্ঠে খুশির প্রকাশ থাকলেও তা ধীরে ধীরে কমতে থাকে। শিশুটির মা বলেন, ওসিসিতে থাকার সময় পার্বতীপুর থানার লোক এসে মেয়ের জবানবন্দি নিয়ে গেছেন। আবার রোববার ‘বড় স্যার’ আসেননি বলে সারা দিন মেয়েকে নিয়ে থানায় থাকতে হলো। পরে মেয়ের জবানবন্দি নেওয়া হলো। থানা থেকে বলে দিয়েছে, আবার ডাকলে মেয়েকে নিয়ে থানায় যেতে হবে।
মা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘ছোট বাচ্চা, ওরে এতবার ডাকতে হবে কেন? কিছু বুঝতে পারতেছি না। রোববার মেয়ের কথা অডিও, ভিডিও করছে, লিখাও রাখছে। ঢাকায় মেয়ের সঙ্গে কথা বলেছে। কে ধরছিল, তা তো মেয়ে বলছেই। ওর সঙ্গে কী করছিল—এই প্রশ্নের দরকার কী?’
শিশুর মায়ের অভিযোগের ব্যাপারে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকায় শিশুটির জবানবন্দি নেওয়া হয়নি। ওর শারীরিক অবস্থা কেমন, কথা বলতে পারবে কি না, তা জানার জন্য লোক গিয়েছিল। এবার আইনি প্রক্রিয়ায় রোববার ওর জবানবন্দি নেওয়া হয়েছে। আর জবানবন্দি নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান মোস্তাক আহমেদ।
শিশুটির মা বলেন, ‘আসামিরে রিমান্ডে নিলে তিনি নাকি “না স্বীকার” দিছে। মেয়ে তো প্রথম থেকেই বলছে ওর নাম। আরেক আসামির তো কোনো খোঁজই নাই।’
শিশুটির বাবা বলেন, ‘মেয়ে এখন পর্যন্ত একা হাঁটতে পারে না। ধৈর্য ধরে বিচার পাওয়ার আশায় বইসা আছি।’