দিনাজপুরের শিশুটি শিগগির বাড়ি যেতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখনো একা হাঁটতে পারে না। তবে সে বাড়ি যেতে চায়। চিকিৎসকেরা মত দিয়েছেন, জটিলতা আর না বাড়লে বা দেখা না দিলে চার-পাঁচ দিন পর সে বাড়ি যেতে পারবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা এ মত দিয়েছেন। গত ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির অঙ্গে অস্ত্রোপচার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক বলেন, ‘শিশুটি এখন অনেক ভালো আছে। তবে একা হাঁটতে পারছে না। জয়েন্ট বা ভেতরে কোনো সমস্যা আছে কি না, তা জানার জন্য কিছু পরীক্ষা করতে বলা হয়েছে। আর চার-পাঁচ দিন যদি প্রস্রাবে কোনো জটিলতা দেখা না দেয়, তাহলে ও বাড়ি যেতে পারবে। ও বাড়ি যেতে চাইছে। এখন ওর আচরণ অনেকটাই স্বাভাবিক।’
গত ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন শিশুটিকে তার বাড়ির কাছে আহত অবস্থায় পাওয়া যায়। ধর্ষণের শিকার শিশুটির মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতেরও চিহ্ন ছিল। শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়। সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। আফজাল এখনো পলাতক।