দিনাজপুরের শিশুটির ভয় কাটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধীরে ধীরে ভয়-আতঙ্ক কাটিয়ে উঠছে দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি। তার অঙ্গের সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে। আগামী সোমবার তার অস্ত্রোপচার হতে পারে।
গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে পাওয়া যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক বলেছেন, ধর্ষণের পাশাপাশি শিশুটির মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং ঊরুতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ক চিকিৎসক বিলকিস বেগম বলেন, হাসপাতালে ভর্তির পর শিশুটি খুবই ভীত ছিল। ধীরে ধীরে সেই আতঙ্ক শিশুটি কাটিয়ে উঠছে। মানসিকভাবেও সে এখন শক্ত। তিনি বলেন, শিশুটির সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল। তবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, সংক্রমণ ছড়ায়নি। তবে তার প্রস্রাবে সংক্রমণ রয়েছে।
বিলকিস বেগম বলেন, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফল নেতিবাচক না হলে সোমবার শিশুটির ক্ষতিগ্রস্ত অঙ্গে অস্ত্রোপচার (রিকন্সট্রাকটিভ সার্জারি) করা হবে।
ওই ঘটনায় শিশুটির বাবা ২০ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় প্রতিবেশী সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করা হয়। মামলার তিন দিন পর দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। ২৭ অক্টোবর সাইফুলকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ সূত্র বলেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাইফুল দাবি করেছেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন।
যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, রিমান্ড শেষে আদালতের নির্দেশে সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি আফজাল হোসেন পলাতক।
গতকাল সকালে শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি সেখানে শিশুটির মা ও নানির সঙ্গে কথা বলেন এবং শিশুটির শারীরিক অবস্থার খবর নেন। এ সময় তিনি এই পরিবারকে আর্থিক সহায়তা দেন বলে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।