দিনাজপুরের শিশুটির লাল চুড়ি লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের দেখলে আগের মতো আর ভয়ও পাচ্ছে না শিশুটি। প্রয়োজনে মায়ের সঙ্গে টুকটাক কথাও বলছে। মাঝেমধ্যে হাসছেও। শিশুটির সাজগোজ খুব পছন্দ। মা তাকে সুন্দর করে সাজিয়ে রাখেন।
শিশুটি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। সেখানে প্রবেশের অধিকার পান হাসপাতালের চিকিৎসক, সংশ্লিষ্ট আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা। এখানে ভর্তি সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।
গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার দিনাজপুরের ওই শিশুকে যাঁরা দেখতে গিয়েছিলেন, তাঁরাই বলছিলেন, শিশুটি সাজগোজ খুব পছন্দ করে।
গত ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে শিশুটিকে বাড়ির কাছে হলুদখেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়।
পাঁচ বছরের এই শিশুর মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত। ওর প্রজনন অঙ্গেও ক্ষত। তবে বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। ওর সঙ্গে ওসিসিতে মা ও নানি থাকেন। মা সময় পেলেই মেয়েকে চোখে কাজল ও কপালে টিপ দিয়ে সাজান। সুন্দর জামা পরান।
শিশুকে আইনি সহায়তা দিচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এ সংস্থার কেস ম্যানেজার ফাহমিদা আক্তার আজ শিশুটিকে দেখতে গিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভেতরে ঢুকে দেখি ওর মা কী সুন্দর করে সাজিয়ে রেখেছেন। চোখে কাজল। কপালে টিপ। ছোট একটা পুতুলের মতো লাগছিল। হাত দুটি খালি দেখে জানতে চাইলাম চুড়ি লাগবে? ও আমার দিকে চোখ তুলে তাকাল না। মুখ নিচু করেই দুই দিকে মাথা নেড়ে বুঝিয়ে দিল তার চুড়ি লাগবে। পাশ থেকে নানি বললেন স্টিলের চুড়ি? তখন মাথা নেড়ে জানিয়ে দিল, না। নানি বললেন, লাল কাচের চুড়ি? সঙ্গে সঙ্গেই এবার মাথা নেড়ে জানায়, হ্যাঁ। আজ আবার তাকে চুড়ি কিনে দিয়ে এসেছি। লাল চুড়ি পাইনি, পরে আবার লাল চুড়ি কিনে নিয়ে যাব।’
ফাহমিদা আক্তার বলেন, শিশুটি তার পছন্দের জিনিসের কথা শুনে মাথা নেড়েছে—এটা দেখে খুব ভালো লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্য নয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক আজ প্রথম আলোকে বলেন, ‘ও আমাদের দেখে এখন আর ততটা ভয় পাচ্ছে না। তবে আমাদের কারও সঙ্গে কথাও বলে না। মায়ের সঙ্গে টুকটাক বলে। চকলেট বা খেলনা দিলে অন্য বাচ্চাদের মতো এখন পর্যন্ত খুব একটা খুশি হতে পারছে না। যখন যাই, তখনই দেখি শিশুটিকে মা সুন্দর করে সাজিয়ে রেখেছেন।’

শিশুটির বাবা বর্তমানে দিনাজপুরে আছেন। তিনি মোবাইলে প্রথম আলোকে বলেন, ‘আমার তো একটাই মেয়ে। সব সময় ওর মা মেয়েরে সাজাইয়্যা রাখত। মেয়েও পছন্দ করে।’

ঘটনার পর শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮)। ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আফজাল পলাতক।