দিনাজপুরের শেখপুরা রেল ঘুমটি মাদকের আখড়া
দিনাজপুর শহরের শেখপুরা রেল ঘুমটি এলাকায় মাদকের জমজমাট আসর বসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার জামে মসজিদের এক মুসল্লি বলেন, ‘মাদক হামার এলাকাটাক নরক বানাই দিছে। দিন-রাইত ২৪ ঘণ্টা ফেনসিডিল-গাঞ্জা বিক্রি হচ্চে। চা-পান-মুদি দোকানত, কেহবা বাড়িত দোকান ধরি বসিছে। বাহির থাকি মোটরসাইকেল, সাইকেল, অটোত চড়ি ১৫ থাকি ৩০ বছর বয়সের ছাওয়ালরা আসি কিনেছে, খাচে। সইন্ধ্যা হইলে ওমহার দাপটত টেকা যায় না। প্রতিবাদ করিবা যাই অনেকে মাইর খাইচে।’
দিনাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল হাবীব বলেন, মাদক প্রতিরোধে ওই এলাকায় বহু অভিযান পরিচালনা ও সচেতনতা সভা করা হয়েছে। কিন্তু তার পরও মাদক কমছে না। শেখপুরা রেল ঘুমটি এলাকার রাজা, বিপ্লব, শফিকুল, সাত্তার ও তাঁর ছেলে সাদেকুলের বিরুদ্ধে থানায় অনেক মাদক মামলা আছে।
গত বুধবার দুপুর ১২টার দিকে ওই রেল ঘুমটি এলাকায় গিয়ে দেখা যায়, মোড়ে ৩০ থেকে ৩৫টি ছোট দোকান। দোকানগুলোতে তরুণ-যুবকদের ভিড়। ঘুমটিঘরের চারপাশে তিন শতাধিক বাড়িঘর। বেশির ভাগ বস্তি। মোড় থেকে দক্ষিণে জামে মসজিদ। রেল ঘুমটি মোড়ে একটি চায়ের দোকানে ক্যারম খেলার আসর বসেছে। জানা গেল, এ দোকানের মালিক বিপ্লব ও রাজা। এলাকাবাসী জানান, এই দোকানেই সবচেয়ে বেশি ফেনসিডিল বেচাকেনা হয়।
বিপ্লব মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তাঁর বাবা মোজাম্মেল হক ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক। আর তাঁরা ব্যবসা করেন।
দিনাজপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, শহরের সব ধরনের মাদকদ্রব্যের পাইকারি ব্যবসার কেন্দ্রস্থল মেডিকেল কলেজের উত্তর দিকে আনন্দসাগর সংলগ্ন ‘লম্বাপাড়া’। হেরোইন পাউডার, টিডি জেসিক ইনজেকশন ও ফেনসিডিল এখানে বেশি পাওয়া যায়। শহরের দক্ষিণ বালুবাড়ী লাইনপাড়ায় পাওয়া যায় ইনজেকশন, গাঁজা ও ফেনসিডিল। লাইনপাড়ার ‘আলীর বউ’ নামের এক নারী (৫০) আছেন। তাঁর দায়িত্ব হলো জেল খাটা। এলাকায় মাদক নিয়ে যে কেউ ধরা পড়ুক, আলীর বউ তার দায়িত্ব স্বীকার করে নেন। পুলিশ তাঁকে আটক করে জেলে পাঠিয়ে দেয়। এভাবে মাদক ব্যবসায়ীরা নানা কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
তবে আলীর বউ অন্যের হয়ে জেল খাটার কথা অস্বীকার করে বলেন, ‘পুলিশ আমাকে আটক করে জেলে পাঠায়।’ তিনি নিজে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিফজুর আলম মুন্সি বলেন, গতকাল বৃহস্পতিবার আলীর বউকে মাদক মামলায় আবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাদক প্রতিরোধে বুধবার থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে।