দিনাজপুরের সব সাফল্য ম্লান করে দিয়েছে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর প্রেসক্লাবে প্রথম আলোর আয়োজনে গতকাল অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অতিথিরা ষ ছবি: প্রথম আলো
দিনাজপুর প্রেসক্লাবে প্রথম আলোর আয়োজনে গতকাল অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অতিথিরা ষ ছবি: প্রথম আলো

খাদ্য-উদ্বৃত্ত জেলা দিনাজপুর। জেলার চাহিদা মিটিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন চাল, গম, আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য অন্যান্য জেলায় যায়। কিন্তু অনুন্নত যোগাযোগব্যবস্থা, সংরক্ষণের অভাব আর কৃষিভিত্তিক বড় আকারের শিল্প-কারখানা গড়ে না ওঠায় এই জেলার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো উন্নয়ন হয়নি।
গতকাল শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে প্রথম আলো আয়োজিত ‘দিনাজপুরের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা দিনাজপুরের মাদক ব্যবসা ও প্রবণতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, খুনোখুনি বা টেন্ডারবাজিমুক্ত দিনাজপুরের সব সাফল্য ম্লান করে দিয়েছে মাদক। প্রতিদিন যে পরিমাণ মাদক সীমান্ত দিয়ে প্রবেশ করে, তাতে উদ্বিগ্ন জেলাবাসী।
গোলটেবিল আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি প্রথম আলোর পেশাদারি সাংবাদিকতা, দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও নীতিমালা তুলে ধরে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে আলোচনার সূত্রপাত  করেন।
আলোচনায় অংশ নিয়ে শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ  দিনাজপুরের মানুষের জীবনকে অশান্তিতে বিপন্ন করে তুলেছে মাদক। মাদকের করাল থাবা জেলার যুব ও তরুণ সমাজকে গ্রাস করে ফেলেছে। প্রশাসন ও পুলিশ একে নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি দলমত ভুলে মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাদক প্রতিরোধ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে মন্তব্য করে দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি হামিদুল ইসলাম বলেন, আইন দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। আসামি হিসেবে কেবল বহনকারীরাই ধরা পড়ছে। মূল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

মাদক ব্যবসা ও মাদক প্রবণতা ঠেকাতে নৈতিক শিক্ষা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, একটি সমাজের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো স্থানীয় সরকার। কিন্তু বর্তমান সরকার উপজেলা পরিষদকে ‘ঠুনকো প্রতিষ্ঠানে’ পরিণত করেছে। ১৪২ বছরের পুরোনো ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নামে দলীয় ব্যক্তিদের আধিপত্যের কারণে জনপ্রতিনিধিদের কাজ করার সুযোগ নেই।

উন্নয়নের অন্যতম পূর্বশর্ত জ্বালানি হলেও এই খাতের উন্নয়নে সরকারের ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন দিনাজপুর চেম্বারের সভাপতি রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ২০০৪ সাল থেকে দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে আছে। কম খরচে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য অবিলম্বে বিরল স্থলবন্দর চালু এবং এক লেনবিশিষ্ট দিনাজপুর-পার্বতীপুর সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি।

মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বলেন, খারাপ দৃষ্টিভঙ্গি আর মূল্যবোধের অবক্ষয়ের কারণে জেলায় বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। নারী নির্যাতন বেড়েই চলেছে।

দিনাজপুর পরমাণু চিকিৎসা ও আলট্রা সাউন্ড কেন্দ্রের পরিচালক বি কে বোস বলেন, চিকিৎসকেরা গ্রামে চাকরি করতে চান না। কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল করার জন্য আরও উদ্যোগী হতে হবে।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে কোনো তহবিল নেই বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায়। তিনি বলেন, উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের প্রয়োজনে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অনেক বিভাগ চালু করা দরকার।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নের কথা শুনলেই আদিবাসীদের মনে আতঙ্ক জাগে। আদিবাসীদের জমি দখল ছাড়া সরকারের কোনো প্রকল্প হয় না। তিনি বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়িত হলে ৫০ হাজার আদিবাসী দেশান্তরি হবে।

দুর্নীতির কারণে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে আজ পর্যন্ত আড়াই শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি অভিযোগ করে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি অনুযায়ী মাত্র ৬ ভাগ কয়লার মালিক হবে সরকার। কিন্তু ওই খনিতে কয়লা ছাড়া আরও অনেক দামি খনিজ পদার্থ রয়েছে। চুক্তিতে এসবের মালিকানা নিয়ে কোনো কথা নেই। পরিবেশ-প্রকৃতি ঠিক রেখে ও শতভাগ মালিকানা নিশ্চিত করে উন্নত প্রযুক্তির মাধ্যমে কয়লা উত্তোলন করা হলে তাতে ফুলবাড়ীবাসীর কোনো আপত্তি থাকবে না।

তরুণ সংস্কৃতিকর্মী তারেকুজ্জামান দিনাজপুরের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাইয়ে দিতে পণ্যের আধুনিক সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন।

গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাসুদুল হক, দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব শাহজাহান শাহ ও উদীচীর সহসভাপতি রেজাউর রহমান। বক্তারা দিনাজপুরের রামসাগরকে ঘিরে একটি বিশ্বমানের পর্যটনকেন্দ্র ও শিশুপার্ক, খনিসমৃদ্ধ জেলা হিসেবে এখানে একটি মাইনিং ইনস্টিটিউট এবং প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ দিনাজপুরকে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানান।

সবশেষে প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকার গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।