দিনে অনশন, রাতে বিয়ে
বছর খানেক আগে মুঠোফোনে দুজনের পরিচয়। পরে গড়ে ওঠে প্রণয়। একপর্যায়ে প্রেমিকের বাড়িতে ছুটে যান মেয়েটি। কিন্তু প্রেমিকের পরিবার তাঁকে মেনে নেয়নি। তাই প্রেমিকের বাড়ির সামনে দিনে অনশন শুরু করেন মেয়েটি। পরে পুলিশের হস্তক্ষেপে রাতে দুজনের বিয়ে হয়। গত রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ওই ঘটনা ঘটেছে। প্রেমিকের নাম সিদ্দিকুর রহমান (১৯)। বাড়ি উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায়। আর মেয়েটির নাম তানিয়া আক্তার (১৮)। বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, রোববার সকালে সিদ্দিকুরের বাড়ির সামনে বসে কান্নাকাটি করছিলেন তানিয়া। এ সময় উৎসুক লোকজন গিয়ে তাঁকে ঘটনাটা খুলে বলতে বলে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সিদ্দিকুরের স্বজনদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেন। কিন্তু তাঁরা সাড়া দেননি। তানিয়াও সাফ জানিয়ে দেন, বিয়ে না করলে আমরণ অনশন চালিয়ে যাবেন তিনি। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ সিদ্দিকুরের বাবার সঙ্গে আলোচনা করে বিয়ের ব্যবস্থা করে। তানিয়ার অভিভাবকদের সঙ্গেও মুঠোফোনে কথা বলে পুলিশ। রাত ১১টার দিকে জুড়ী থানায় সিদ্দিকুর ও তানিয়ার বিয়ে হয়। পাঁচ লাখ ৭৫ হাজার এক টাকা দেনমোহরে বিয়ের কাবিননামা হয়। বিয়েতে জনপ্রতিনিধি, সিদ্দিকুরের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সবাইকে মিষ্টিমুখ করানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, মুঠোফোনের মাধ্যমে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। তাই উঠতি বয়সী সন্তানদের মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখা দরকার।