দিনে অপচয় ৫৭ কোটি লিটার পানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালী থেকে গুলশান-১-এ যাওয়ার পথে লেকের পাড়ে একটি কল থেকে এভাবেই পানির অপচয় হচ্ছে। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো
মহাখালী থেকে গুলশান-১-এ যাওয়ার পথে লেকের পাড়ে একটি কল থেকে এভাবেই পানির অপচয় হচ্ছে। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো

ঢাকা ওয়াসার দৈনিক উত্তোলিত ২২৫ কোটি লিটার পানির মধ্যে প্রায় ৫৭ কোটি লিটার, অর্থাৎ ২৫ শতাংশই অপচয় হয়। আবাসিক খাতে প্রতি হাজার লিটার পানির বর্তমান দাম সাত টাকা ৩৪ পয়সা হিসাবে দৈনিক অপচয় হওয়া পানির মূল্য প্রায় ৪২ লাখ টাকা। বছরে এর পরিমাণ প্রায় ১৫২ কোটি ৭০ লাখ টাকা। পুরান ঢাকার তুলনায় রাজধানীর অভিজাত এলাকাতেই পানি বেশি অপচয় হয়।
ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে। ওয়াসার বার্ষিক প্রতিবেদনেও পানির অপচয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। বর্তমানে বাণিজ্যিক খাতে প্রতি হাজার লিটার পানির দাম ২৪ টাকা ৪৪ পয়সা।
ওয়াসা সূত্র জানায়, ওয়াসার গাফিলতি, কারিগরি ত্রুটি, অবৈধ সংযোগ, বৈধ গ্রাহকদের ন্যায্য পানি থেকে বঞ্চিত করে প্রধান লাইন থেকে পানি টেনে নেওয়া, অযথা ও অতিরিক্ত পানি ব্যবহার, ট্যাংক ভরে যাওয়ার পরও মোটর বন্ধ না করা, অযথা কল খুলে রাখা—অনেকভাবে এই অপচয় হয়। এই অপচয়ের জন্য কিছু গ্রাহক যেমন দায়ী, তার চেয়ে বেশি দায়ী ওয়াসার একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। তাঁরা ব্যক্তিগতভাবে আর্থিক লাভের জন্য এই অপচয়ে সহায়তা করেন।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম পানির অপচয়ের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চোর সব জায়গাতেই থাকে। অপচয়ও হয়। তার পরও কারিগরি ত্রুটি ও অপচয় কমিয়ে আনার বিষয়ে ওয়াসা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের তুলনায় অপচয় কমছে।
ওয়াসার সূত্রমতে, অপচয় কমাতে বেসরকারি সংস্থার মাধ্যমে ওয়াসা বিভিন্ন বস্তিতে বৈধ লাইন দিচ্ছে। গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজ করে রাজধানীর সবচেয়ে বড় মহাখালীর কড়াইল বস্তিকে বৈধ সংযোগের আওতায় আনা হয়েছে। সাততলা বস্তি, কল্যাণপুর বস্তির পানির লাইনও বৈধ করা হয়েছে।
অভিজাত এলাকায় অপচয় বেশি: ওয়াসার জরিপ অনুযায়ী, পুরান ঢাকায় পানির অপচয় হয় চোখের সামনে। কিন্তু অভিজাত এলাকায় অপচয় হয় আড়ালে এবং তা পরিমাণেও পুরান ঢাকার তুলনায় অনেক বেশি। অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা-ধানমন্ডিতে কোনো কোনো বাড়িতে বৈধ সংযোগের পাশাপাশি অবৈধ সংযোগও আছে। অবৈধ সংযোগের পানি দিয়ে গাড়ি ধোয়া, বাগানে পানি দেওয়া, কুকুরকে গোসল করানোসহ বিভিন্ন কাজ করা হয়। অবৈধ সংযোগের পানি হওয়ায় এর সবই অপচয়ের খাতে পড়ে।
ওই জরিপ অনুসারে, রাজধানীর অনেক বাড়ির মালিক সময় বেঁধে পানি দেন। ফলে পানি ছাড়লেই এসব বাড়ির ভাড়াটেরা বড় ড্রাম, বালতি, গামলাসহ বিভিন্ন পাত্রে পানি ভরে রাখেন। পরের বার পানি দেওয়ার সময় এসব পাত্রের উদ্বৃত্ত পানি ভাড়াটেরা ফেলে দিয়ে নতুন পানি ভরেন। এতে অনেক পানি অপচয় হয়। এ ছাড়া কেউ কেউ পানির আশায় বা ভুলে কল খোলা রেখেও পানির অপচয় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এক বছরেরও বেশি আগে গুলশানে ১৫টি বাড়িতে অভিযান চালিয়ে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। বাড়ির মালিকদের এ ব্যাপারে সতর্কও করা হয়েছিল। কিন্তু ওই সব বাড়িতে আবার অবৈধ সংযোগ নেওয়া হয়েছে কি না, তা জানতে আর অভিযান চালায়নি ওয়াসা।
ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বলেন, অভিজাত এলাকায় পানির নতুন লাইন হচ্ছে, যেখান থেকে সহজে অবৈধ সংযোগ নেওয়া যাবে না। বিভিন্ন বস্তিতে বৈধ লাইন দিয়ে সুফল পাওয়া যাচ্ছে।
সম্প্রতি মহাখালী থেকে গুলশান যাওয়ার পথে সেতুর কাছে লেকের ধারে পাইপলাইনে স্থাপিত চাবিহীন একটি কল থেকে অনবরত পানি পড়তে দেখা যায়।
পুরান ঢাকায় অপচয় কমছে: ওয়াসা সূত্র জানায়, পুরান ঢাকায় পানির অপচয় কমছে। রাস্তায় থাকা ওয়াসার কল দিয়ে অযথা পানি পড়ে অপচয় হওয়া অনেক কমেছে। সম্প্রতি লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, গোয়ালনগর, তাঁতীবাজার প্রভৃতি এলাকা ঘুরেও বিষয়টি চোখে পড়েছে। হাজারীবাগ থেকে সদরঘাট হয়ে ফুলবাড়িয়া এবং নবাবপুর রোড পর্যন্ত এলাকায় ওয়াসার ৩২৯টি এবং লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, শ্যামবাজার, সূত্রাপুর, মিলব্যারাকসহ আশপাশের এলাকায় ২৬৭টি পানির কল আছে।