দিনে অবরোধ, রাতে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধে বিভিন্ন সড়কে কাঠের গুঁড়ি, গাছ কেটে এবং বিদ্যুতের খাম্বা দিয়ে অবরোধ করেন নেতা-কর্মীরা। তবে রাতে ওই সব সড়কেই চাঁদা আদায় করে অবরোধকারীরা গাড়ি চলতে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবরোধকারীদের চাঁদাবাজিতে পুলিশও সহায়তা করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

চাঁদাবাজি হচ্ছে স্বীকার করলেও বিএনপির নেতা-কর্মীরা তা করছে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের দাবি, চাঁদাবাজির অভিযোগ শুনলেও সেখানে গিয়ে কাউকে পাওয়া যায় না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, সিও অফিস বাসস্ট্যান্ড, তিসিগাড়ী মোড়, বাজারদীঘি, চৌমহনী বাজার, সাহার পুকুর বাজার, তালোড়া দেওগ্রাম রাস্তার নাগর নদের সেতুতে, তালোড়া কুন্দুগ্রাম রাস্তার কইলগ্রামের মোড়ে, তালোড়া আলতাফনগর রাস্তার দ্যামাগ্রাম, দুপচাঁচিয়া আক্কেলপুর রাস্তার ইসলামপুর, জিয়ানগর ও দুপচাঁচিয়া ক্ষেতলাল রাস্তার নিমতলী এলাকায় সারা দিন অবরোধকারীরা পিকেটিং করে। ছোট-বড় কোনো গাড়িই তারা চলতে দেয় না। কিন্তু সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই সব এলাকায় গাড়ি চলে অবাধে। তবে বিনিময়ে চাঁদা নেয় অবরোধকারীরা। এ ব্যাপারে পুলিশকে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভটভটিচালক ও স্থানীয় মিনিট্রাকের চালকেরা বলেন, ‘শুধু রাতে নয়, দিনেও টাকা নিলে গাড়ি ছেড়ে দেয় পিকেটাররা। যদি টাকা না দিই তাহলে গাড়ি ভাঙচুর করে। টানা হরতাল-অবরোধে পেট চলে না। তাই কমবেশি চাঁদা দিয়ে রাস্তায় গাড়ি চালাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘টহল পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীরা বসে যেভাবে খাওয়া-দাওয়া করেন, তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের সামনে পিকেটাররা গাড়িও ভাঙছে। পুলিশ সাধারণ মানুষকে কতটুকু নিরাপত্তা দেবে?’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘পুলিশের সামনেই অবরোধকারীরা যানবাহনে চাঁদা নিচ্ছে। আর যেসব যানবাহনের চালকেরা চাঁদা দিচ্ছেন না, তাঁদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। হরতাল-অবরোধ লাগার পর থেকে অবরোধকারীরা চাঁদা না পেয়ে কয়েকটি রাস্তায় শতাধিক যানবাহন ভাঙচুর করেছে। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মীরা এ রকম চাঁদাবাজি করে না। অবরোধের সুযোগে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দুর্বৃত্তরা এসব করছে। পুলিশ এসব চাঁদাবাজদের ধরলেই সব পরিষ্কার হয়ে যাবে।’

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই এলাকায় অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে রাতে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিত, এখন আর তা নেই।