দিনে অবরোধ, রাতে চাঁদাবাজি
বগুড়ার দুপচাঁচিয়ায় ১৮ দলের টানা অবরোধে দিনের বেলায় রাস্তা অবরোধ ও রাতে যানবাহন থেকে পিকেটাররা চাঁদাবাজি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে পিকেটাররা যানবাহনে হামলা চালান বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতাল ও অবরোধে উপজেলার বিভিন্ন সড়কে কাঠের গুঁড়ি, গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। দিনের বেলায় অবরোধকারীরা বগুড়া-নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, সিও অফিস বাসস্ট্যান্ড, তিষিগাড়ী মোড়, বাজারদিঘী, চৌমুহনী বাজার, সাহার পুকুর বাজার, তালোড়া দেওগ্রাম রাস্তার নাগর নদের সেতুতে, তালোড়া কুন্দুগ্রাম রাস্তার কইলগ্রামের মোড়ে, তালোড়া আলতাফনগর রাস্তার দ্যামাগ্রাম, দুপচাঁচিয়া আক্কেলপুর রাস্তার ইসলামপুর, জিয়ানগর, দুপচাঁচিয়া ক্ষেতলাল রাস্তার নিমতলী এলাকায় পিকেটিং করেন। এতে দিনের বেলায় এসব রাস্তা দিয়ে ছোট-বড় কোনো যানবাহন চলতে পারে না। কিন্তু সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় যানবাহন আটকে টাকা নিয়ে ছেড়ে দেন পিকেটাররা। গত এক মাসে হরতাল-অবরোধে শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন অবরোধকারীরা। প্রতিদিন সকাল থেকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অবস্থান নিলেও তাদের কাছে চাঁদা নেওয়ার অভিযোগ করেও কোনো কাজ হয় না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সোমবার সন্ধ্যার পর সরেজমিনে কথা হয় কয়েকজন যানবাহনচালকের সঙ্গে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভটভটিচালক ও মিনিট্রাকচালক বলেন, শুধু রাতে নয়, দিনেও টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেন পিকেটাররা। যদি টাকা না দিই তাহলে তাঁরা গাড়ি ভাঙচুর করেন। টানা হরতাল-অবরোধে পেট চলে না। তাই কমবেশি চাঁদা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, টহল পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীরা প্রায়ই একত্রে বসে নাশতা খান। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের সামনে পিকেটাররা গাড়িও ভাঙছেন। কিন্তু পুলিশ বাধা দিচ্ছে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘পুলিশের সামনেই অবরোধকারীরা যানবাহনে চাঁদা নিচ্ছেন। যেসব চালক চাঁদা দিচ্ছেন না, তাঁদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অবরোধকারীরা চাঁদা না পেয়ে কয়েকটি রাস্তায় শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মী এ রকম চাঁদাবাজি করেন না। অবরোধের সুযোগে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা করছে দুর্বৃত্তরা।’
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ জানান, যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই তাঁরা পালিয়ে যান। এ ছাড়া এর আগে রাতে বিভিন্ন রাস্তায় পিকেটাররা অবরোধ করে রাখতেন, কিন্তু এখন আর তা দেখা যায় না।