দিন ও রাতে প্রচণ্ড গরম। এই গরমে বৈদ্যুতিক পাখার বাতাসে স্বস্তি পাওয়ার সুযোগও নেই। কারণ, দিনে পাঁচ-ছয়বার লোডশেডিং হচ্ছে। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের দুই ঘণ্টা থাকে না। এতে জনদুর্ভোগ বেড়ে গেছে। বিদ্যুৎ-সংকটের কারণে চালকলসহ বিভিন্ন কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ-বিভ্রাটের এই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে শেরপুর জেলায়। বিদ্যুতের এই লুকোচুরির কারণে জেলার লাখো বাসিন্দা যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনারও ব্যাঘাত ঘটছে।
লোডশেডিংয়ের বিষয়ে শেরপুর সরকারি কলেজ থেকে স্নাতক (পাস) চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘এক ঘণ্টা বিদ্যুৎ থাকে তো দুই ঘণ্টাই থাকে না। ফলে ঠিকমতো পড়াশোনা করতে পারি না।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শেরপুর বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় জামালপুর গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। জেলায় প্রায় আবাসিক, বাণিজ্যিকসহ বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের ২৬ হাজার গ্রাহক রয়েছেন। বিভিন্ন পর্যায়ের এসব গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা প্রতিদিন ৩০ মেগাওয়াট। কিন্তু জামালপুর গ্রিড উপকেন্দ্র থেকে ১৭-২০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ দেওয়া হয় না। ফলে জেলা সদর, শ্রীবরদী, নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলায় দিনে-রাতে পাঁচ থেকে ছয়বার লোডশেডিং করতে হচ্ছে। এতে প্রতিদিন গড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ১৯ আগস্ট সাপ্তাহিক ছুটির দিনেও জেলায় একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বর্তমানে শ্রীবরদীতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। তাই সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে বাইরে থেকে জেনারেটর ভাড়া করে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
শেরপুর শহরের কান্দাপাড়া এলাকার ইউনাইটেড চালকলের মালিক তুষার কান্তি সাহা প্রথম আলোকে বলেন, এখন বোরো ধান ভাঙানোর মৌসুম। কিন্তু বিদ্যুতের অভাবে তাঁদের চালকল মাঝেমধ্যেই বন্ধ রাখতে হচ্ছে। এতে চালের উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, দিনে-রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে তাঁদের চালকলে প্রতিদিন গড়ে ২০ টন চাল উৎপাদিত হয়। কিন্তু লোডশেডিং হওয়ায় চাল উৎপাদন হচ্ছে মাত্র সাত থেকে আট টন।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন বলেন, লোডশেডিংয়ের ফলে দিনে-রাতে পাঁচ থেকে ছয়বার চালকলগুলো বন্ধ থাকছে। এতে শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে এবং চালের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
শহরের শেখহাটি এলাকার বাসিন্দা সুফিয়া বেগম বলেন, রাতে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়তে হয়। নির্ঘুম রাত কাটাতে হয়।
পৌর নিউমার্কেটের তৈরি পোশাক বিক্রির দোকানের মালিক চাঁন মিয়া বলেন, লোডশেডিংয়ের ফলে বেচাকেনা কম হচ্ছে। প্রচণ্ড গরমে ক্রেতারাও কষ্ট পাচ্ছেন।
এ বিষয়ে পিডিবির শেরপুর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে অনেক কম। ফলে তাঁরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, জামালপুরে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হলে শেরপুরে বিদ্যুতের সমস্যা অনেকাংশে কেটে যাবে।