গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দিনে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন কম হচ্ছে। ফলে ইরি-বোরো মৌসুমে ১৯ জেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
জেএফসিএল ও জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, উপজেলার তারাকান্দিতে ১৯৯১ সালে কারখানাটি স্থাপন করা হয়। সে সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি সই হয়। সেই চুক্তি মতে কারখানাটিতে ৩৭০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) চাপে গ্যাস সরবরাহ করার কথা। কিছুদিন ধরে সে অনুযায়ী গ্যাস দেওয়া হচ্ছে না। গত সোমবার ভোরেও কারখানায় ২২০ পিএসআই চাপে গ্যাস দেওয়া হয়। এর নিচে নামলে যেকোনো সময় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তারাকান্দি মিটারিং অ্যান্ড রেগুলেটিং স্টেশনের সেক্টর ইনচার্জ একরামুল হক বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশমতে যত পিএসআই চাপে গ্যাস সরবরাহ দেওয়ার কথা, কারখানাটিতে তা-ই দেওয়া হচ্ছে।
জেএফসিএল ও কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র আরও জানায়, চাহিদামতো গ্যাস সরবরাহ পাওয়া গেলে পূর্ণ মাত্রায় সার উৎপাদন সম্ভব হয়। তখন দিনে ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা যায়। বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন ১ হাজার মেট্রিক টনে নেমে এসেছে। অর্থাৎ এখন প্রতিদিন গড়ে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন কম হচ্ছে। সার উৎপাদন কম হওয়ায় চলতি ইরি-বোরো মৌসুমে ১৯ জেলায় সার সংকট হতে পারে।
কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি (সিবিএ) রবিউল ইসলাম বলেন, গ্যাস সরবরাহ না বাড়লে যেকোনো সময় সার উৎপাদন বন্ধ হয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী বলেন, জামালপুরের সাতটি উপজেলা ও পৌরসভায় ইরি-বোরো মৌসুমে ৫৭ হাজার ৫৭২ মেট্রিক টন সারের চাহিদা রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বিসিআইসি জেএফসিএলকে ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গতকাল পর্যন্ত কারখানায় ২ লাখ ১১ হাজার ৬৫৩ মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে। মজুত রয়েছে ৫ হাজার ৪৯৯ মেট্রিক টন। গত ২৪ ঘণ্টায় সার উৎপাদন হওয়ার কথা আরও ১ হাজার মেট্রিক টন।
কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, কারখানায় গ্যাসের চাপ ২২০ পিএসআইয়ের নিচে নামলে যেকোনো সময় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। চাহিদামতো গ্যাস না পাওয়ায় সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দিনে ৭০০ মেট্রিক টন সার উৎপাদন কম হচ্ছে।