দিনে কলাবাগানে, রাতে বাঁশঝাড়ে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দাইল পৌরসভার নাথপাড়া এলাকার আচারগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের কলাবাগানের ভেতর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আচারগাঁও ফাজিল মাদ্রাসার প্রায় ৫০০ গজ পূর্ব দিকের একটি স্থানে বাঁশঝাড়ের ভেতর সারা রাত ধরে জুয়ার আসর চলেছে। লোকজন জানান, জুয়ার আসর নিয়ে প্রথম আলোতে কয়েকটি সংবাদ প্রকাশের পর এলাকার জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের চাপের মুখে পুলিশ আসরটি বন্ধ করে দিয়েছিল। তাঁদের অভিযোগ, জুয়াড়িরা পুলিশকে ‘ম্যানেজ’ করে একটির বদলে দুটি জুয়ার আসর চালু করেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম দাবি করে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এসব জুয়ার আসরের সঙ্গে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। যদি ওই জুয়ার আসর শুরু হয়ে থাকে, তবে তা বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে।’ গত বুধবার (২ জানুয়ারি) রাতে ওসির সঙ্গে কথা হওয়ার পর গতকাল শুক্রবার খোঁজ নিয়ে জানা গেছে, দুটি জুয়ার আসরই চলছে। নাথপাড়া এলাকার আচারগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কাছে অবস্থিত কয়েকটি বাড়ির নারীরা জানান, জুয়াড়িদের আনাগোনার কারণে তাঁরা বাড়িতেও শান্তিতে অবস্থান করতে পারছেন না। নদীতে গোসল করতে গেলেও আব্রু রক্ষা করতে তাঁদের বিপাকে পড়তে হচ্ছে। তাঁরা এলাকার লোকদের জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। অপরদিকে পৌর শহরের আচারগাঁও সেতুর দক্ষিণ পাশে ও আচারগাঁও ফাজিল মাদ্রাসার পূর্ব দিকে একটি বাঁশঝাড়ের ভেতর জুয়ার আসরটি নিয়মিত বসে। গভীর রাত পর্যন্ত সেখানে জুয়া খেলা চলে। নাম প্রকাশে অনিচ্ছুক আচারগাঁও এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, জুয়ার আসর চলছে পুলিশ ও আপনাদের (সাংবাদিক) ‘ম্যানেজ’ করে। তাই সাধারণ মানুষের প্রতিবাদ করার সামর্থ্য নেই। নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় জুয়ার আসর বন্ধ করতে পুলিশকে বলা হয়। কিন্তু পুলিশ এসব নির্দেশনা উপেক্ষা করে আসছে। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া বলেন, জুয়াড়ি আটক করে পুলিশ যদি ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা চায়, তাহলে আইনের বিধান অনুযায়ী জুয়াড়িদের তাৎক্ষণিক সাজা দেওয়ার ব্যবস্থা রয়েছে।