
হরতাল-অবরোধে বাস-মিনিবাস বসিয়ে রাখলে প্রতিটি থেকে প্রতিদিন গড়ে আট হাজার টাকা আয়বঞ্চিত হন মালিক–শ্রমিকেরা। সে হিসাবে সারা দেশে চলাচলকারী প্রায় ৬০ হাজার বাস-মিনিবাস থেকে দৈনিক গড়ে ৪৮ কোটি টাকা আয় বন্ধ থাকে।
পরিবহনমালিক-শ্রমিকদের সঙ্গে আলাপ করে এই হিসাব পাওয়া গেছে। প্রতিদিনের এই আয়ের ভাগ হয় পরিবহনমালিক, চালক ও শ্রমিকের মধ্যে। আরেকটা অংশ ব্যয় হয় প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে। ফলে আয় পুরোপুরিই বন্ধ থাকলেও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ব্যয় করতে হয়। এর সঙ্গে ব্যাংকঋণের সুদ যুক্ত হয়ে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। একই অবস্থা চালক-শ্রমিকদেরও। বড় বড় কিছু কোম্পানি বাদ দিলে চালক-শ্রমিকেরা চলাচলের ওপর ভিত্তি করেই আয় করেন। বন্ধ থাকার অর্থ হচ্ছে বেকার থাকার শামিল।
প্রায় ১৫০টি বাস পরিচালনা করে এমন একটি কোম্পানির মালিক জানান, বাস না চললে বেতন-ভাতা বাবদ প্রতিদিন তিন লাখ টাকা গুনতে হয়। আর ব্যাংককে সুদ দিতে হয় ২৫ হাজার টাকা। ৭৫ লাখ থেকে পৌনে দুই কোটি টাকা পর্যন্ত বাসের দাম। চালাতে গিয়ে আগুনে পুড়লে তো সবই শেষ।
৫ জানুয়ারির নির্বাচনের আগে হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহনমালিকদের সরকারের পক্ষ থেকে এক কোটি ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। মালিক সমিতিও কিছু কিছু ক্ষতিপূরণ দেয়। তবে তা খুবই সামান্য।
একটি বড় পরিবহন কোম্পানির মালিক বলেন, বড় কোম্পানিগুলো এই ক্ষতিপূরণ পায়নি। আর ক্ষতিপূরণের পরিমাণ এতই সামান্য যে, এর পেছনে ছোটারই প্রয়োজন বোধ করেননি তাঁরা।
আরেকজন পরিবহনমালিক বলেন, হরতাল-অবরোধে প্রশাসন ও সরকারপন্থী মালিক-নেতারা বাস চালানোর জন্য চাপ দেয়। কিন্তু আগুনে পুড়ে গেলে আর কেউ খোঁজ নেয় না।
পরিবহন সমিতির এক নেতা বলেন, হরতাল-অবরোধে মালিকেরা গাঁটের পয়সা ব্যয় করেন। কিন্তু এর অর্থ এই নয় যে মালিক জমি বিক্রি করে এনে দেবেন। যত অপ্রিয়ই হোক না কেন, দিন শেষে তা যাত্রীদের কাছ থেকেই আদায় করা হয়।
পণ্য পরিবহনে ক্ষতি বাড়ছেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, পরিবহন খাতের ক্ষয়-ক্ষতি নিয়ে কেউ গবেষণা করেছে বলে তাঁর জানা নেই। এটা একটা জটিল বিষয়। পানি বাঁধ দিয়ে আটকে রাখলে উজানে জমতে থাকে। পরিবহনও ঠিক সেই রকমই। বাধা দেওয়ার কারণে বসে থাকে। আবার চালু হলে মালিকেরা যাত্রা বৃদ্ধি করেন, শ্রমিকেরা পরিশ্রম বাড়িয়ে দেন আর যাত্রীরাও বেশি সংখ্যায় যাতায়াত করেন। সবার মধ্যে পুষিয়ে নেওয়ার চেষ্টা চলে। তবে টানা অনেক দিন বন্ধ থাকলে তা পোষানোর সুযোগ থাকে না। বিশেষ করে পরিবহনের যেসব যাত্রা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোর ক্ষতি পোষানো যায় না। আর যাত্রীদের যাত্রা বাতিলের ক্ষয়ক্ষতি তো আছেই।
২০১৩ সালের ক্ষয়ক্ষতি: ২০১২ সালের অক্টোবর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হরতাল-অবরোধের ক্ষয়ক্ষতির একটা হিসাব তৈরি করে মালিক সমিতি। ২০১৪ সালের জানুয়ারিতে প্রকাশিত সেই হিসাব অনুযায়ী, ওই সময় ১৪ মাসের হরতাল-অবরোধে বাস-ট্রাক-কাভার্ড ভ্যানসহ তিন লাখ বাণিজ্যিক পরিবহন চলাচল করতে না পারায় প্রায় ৩০ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। এসব যানবাহনের সঙ্গে ২৫ লাখ পরিবার জড়িত। পরোক্ষভাবে সম্পৃক্ততা ধরলে এই খাতের অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
পরিবহন সমিতির হিসাবে ২০১৩ সালে সারা দেশে প্রায় এক হাজার যানবাহন পোড়ানো হয়। ভাঙচুর করা হয় সাড়ে তিন হাজার যানবাহন। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, চলমান অবরোধ-হরতালে ইতিমধ্যে প্রায় ১০০ যানবাহন পোড়ানো হয়ে গেছে। গতবারের ক্ষতির ধকলই কাটিয়ে উঠতে পারেননি মালিকেরা। নতুন এই অবরোধ-হরতালে এই খাতে বিপর্যয় নেমে আসবে।
জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান প্রথম আলোকে বলেন, সরকার নিরাপত্তা দিচ্ছে, মালিকেরা গাড়ি চালাচ্ছেন। এর পরও কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার ক্ষতিপূরণ দেবে। গত বছর যারা আবেদন করেছিল, সবাই ক্ষতিপূরণ পেয়েছেন।
আগুন দিলে সবই শেষ: অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে ২১-১৫টি কোম্পানি রয়েছে, যারা প্রতিদিন গড়ে ১০০টির বেশি গাড়ি পরিচালনা করে। ৫০টিরও বেশি বাস নিয়ে গড়া কোম্পানির সংখ্যা প্রায় ৫০।
বর্তমানে বড় কোম্পানিগুলোতে চেয়ার কোচ ও বিলাসবহুল এসি চেয়ার কোচ চলে। এসব বাসের সর্বনিম্ন মূল্য ৭৫ লাখ, আর সবচেয়ে বিলাসবহুল বাসের গড় মূল্য পৌনে দুই কোটি টাকা।
পরিবহনমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স করা থাকলেও হরতাল, অবরোধ-ধর্মঘটের মতো অস্বাভাবিক পরিস্থিতিতে বাস চালিয়ে ক্ষতিগ্রস্ত হলে এর কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না। এমনকি স্বাভাবিক দুর্ঘটনার ক্ষেত্রেও ক্ষতিপূরণ পাওয়া মুশকিল হয়ে যায়। এই অবস্থায় বেশির ভাগ পরিবহন কোম্পানিই থার্ড পার্টি ইনস্যুরেন্স করে। ফলে হরতাল-অবরোধে দূরপাল্লার পথের বিলাসবহুল বাস চলে না।