দিনে গরম রাতে কুয়াশা
বগুড়ায় এক সপ্তাহ ধরে অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। জেলায় দিনে প্রচণ্ড গরম পড়ছে, আবার রাতে ঘন কুয়াশা বিরাজ করছে। গরমের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে সকালের আকাশও। আবহাওয়াবিদেরা এ জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। বগুড়াসহ আশপাশের এলাকায় গত কয়েক দিনে এ ধরনের আবহাওয়ার কারণ জানতে চাইলে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা খাতুন বলেন, চলতি শরৎকালেও বর্ষাকালের মৌসুমি বায়ু বিরাজ করছে। অথচ সে অনুযায়ী বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিপাত কম হওয়ায় বর্তমানে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প জমে রয়েছে। রাতের তাপমাত্রা কমে গেলে এসব জলীয় বাষ্প কুয়াশা হয়ে ঝরে পড়ছে। জলবায়ুর পরিবর্তনের ফলেই এমনটি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।বগুড়া আবহাওয়া কার্যালয় থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত জেলায় সর্বোচ্চ ৩৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সর্বত্রই দিনে গরম এবং রাতে কুয়াশা পড়ছে। গুমট গরমে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। এ সময়ে আগে কখনো এ রকম আবহাওয়া দেখা যায়নি।বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ির কৃষক আবেদুর রহমান বলেন, ‘ক্যা বারে, ইডা ক্যাংকা আবহাওয়া, দিনোত গরমে তিষ্ঠা যাচ্চে না, আগ রাতোতও খালি গরম আর গরম। শ্যাষ রাতোত ঠান্ডার চোটত খ্যাতা-কম্বল গায়ে দেয়া লাগে। এ রকম আবহাওয়া হামার জীবনেও দেকিনি।’ বগুড়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী আবহাওয়াবিদ হারুনুর রশিদ জানান, অন্য বছরের তুলনায় জেলায় এবার এ সময়ে গরম বেশি পড়ছে।