দিনে গরমের পর কিছুটা স্বস্তির বৃষ্টি

দিনভর গরমের পর সন্ধ্যায় কিছুটা হলেও বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে কিছুটা স্বস্তি মিললেও দিনভর ছিল সেই দাবদাহ। দিনে গরম, সন্ধ্যায় কিছুটা স্বস্তি—গত দুই দিনে আবহাওয়ার এমন খেয়ালেই যেন বন্দী রাজধানীবাসী।
গতকাল শনিবার এই গরমের মধ্যেই রাজধানীবাসীকে কর্মক্ষেত্র আর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে। বিকেল গড়াতেই বাতাসে কিছুটা হিমেল পরশ, সন্ধ্যা নাগাদ এক পশলা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের রেকর্ডে তা মাত্র ১ মিলিমিটার। আর সারা দিনের তাপমাত্রাও ছিল কিছুটা কম, গত শুক্রবারের তুলনায় তা ১ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়ায় ৩৮ ডিগ্রিতে। তবে তাতে কি আর সারা দিনের দাবদাহের কষ্ট কমেছে? জবাবটা দিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোহেল মনসুর। গতকাল বেলা ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডে কথা হয় তাঁর সঙ্গে। বিরক্তি আর ঘাম নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বললেন, ‘গ্রীষ্মে গরম লাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে এমন গায়ে জ্বালা ধরানো গরম?’ ঘামে ভেজা নীল জামাটি দেখিয়ে বলেন, ‘শহরটারে তো পুরাই চুল্লি মনে হচ্ছে।’
সোহেলের সঙ্গে কোনোমতে ঠেলেঠুলে বাসে উঠলেও গরমের দাপট থেকে রেহাই মিলল না। বাসের এক যাত্রীর কোলে ছোট্ট শিশুটি গরম সহ্য করতে না পেরে জুড়ে দিল কান্না। তিতুমীর কলেজের এক দল শিক্ষার্থী বাসে দাঁড়িয়ে হাতের রুমাল দিয়ে মুখের সামনে বাতাস করছিলেন, আর ঘাম মুছছিলেন। কিন্তু তাতে কি আর গরম-ঘাম কমে। বাসে দাঁড়িয়ে যাত্রীদের কেউ কেউ রাজনীতি নয়, প্রকৃতির গরম হাওয়া নিয়ে আলাপ জুড়ে দিলেন। প্রচণ্ড গরমের কারণে রাজধানীতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিতে শুরু করেছে। এর মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাল সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। আনুষ্ঠানিকভাবে তিন দিনের ছুটি দিলেও কার্যত পাঁচ দিন ছুটি থাকবে। কারণ, মে দিবস উপলক্ষে ১ মে সরকারি ছুটি। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে জানান, প্রচণ্ড গরমের কারণে গতকাল বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন শিক্ষক জানান, ১৩ মে থেকে আবার গ্রীষ্মকালীন ছুটি হবে। ২ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি হওয়ার কথা থাকলেও গরমের কারণে এখন যেহেতু তিন দিন ছুটি দেওয়া হয়েছে, তাই গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে ৩১ মে পর্যন্ত করা হচ্ছে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস অবশ্য বলছে, আজও দমকা হাওয়াসহ বৃষ্টি রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা দিয়ে বয়ে যেতে পারে। রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর মাইজদী, ফেনী, ঢাকা, সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনার ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।