দিনে ঘুম, রাতে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অনেক যানবাহনচালকই এখন দিনে ঘুম আর রাতে ডিউটি (কর্তব্যকাজ) পালন করছেন। মহাসড়কের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার কারণে ভয়ে পাল্টে গেছে তাঁদের যানবাহন চলাচলের সময়সূচি।
উপজেলার ১০-১২ জন বাস-ট্রাকমালিক ও চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আর এ উপজেলার বেশির ভাগ যানবাহনই ত্রুটিযুক্ত হওয়ায় চালকেরা এসব আদালতের জন্য প্রায়ই জরিমানার মুখে পড়েন। ফলে যানবাহনের মালিকদের মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হচ্ছে। এ অবস্থায় যানবাহনের স্থানীয় মালিক-চালকেরা মিলে দিনের বদলে রাতে যানবাহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ রকম আটজন ট্রাকচালককে একটি চা-দোকানে গল্প করতে দেখা যায়। তাঁরা ট্রাক নিয়ে চট্টগ্রাম ও ঢাকা যাবেন। তাঁদের মধ্যে থেকে খয়বর আলী (৪৫) বলেন, ‘মাস খানেক হলো সড়কে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বেড়েছে। এ কারণে আমরা ভয়ে ট্রাক নিয়ে দিনে বের হই না। এখন আমরা দিনে ঘুম পাড়ি আর রাত লাগলে ডিউটি করি।’
উপজেলার মীরেরচক গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, ‘আমি কোচ চালাই। কোচ দিনের বেলা যাত্রী পরিহন করে আবার রাতেও চলে। আমার কোম্পানির ভালো ত্রুটিমুক্ত কোচ দিনে সড়কে চলাচল করছে। আর অপেক্ষাকৃত পুরোনো ও ত্রুটিযুক্ত কোচ রাতে চলাচল করছে।’
উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের ট্রাকচালক আতাউর রহমান (৩৫) বলেন, ‘শিবগঞ্জ উপজেলার মহাস্থান থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে কমপক্ষে পাঁচ জায়গায় ভ্রাম্যমাণ আদালতে গাড়ির ফিটনেস পরীক্ষা করাতে হয়।’
উপজেলার মহাস্থান কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪৫) বলেন, ‘বর্তমানে এ উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে সবজি দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। কিন্তু দিনে বেশির ভাগ ট্রাকচালকই যেতে চান না। তাঁরা সন্ধ্যার দিকে রওনা হচ্ছেন।’
বেলগাড়ি গ্রামের পাইকারি মুরগি ব্যবসায়ী আবদুল কুদ্দুস (৪২) বলেন, ‘এই শীতে মুরগির খাঁচা নিয়ে ঢাকা যেতে ইচ্ছে করে না। শীতে মুরগির মরে যাওয়ার আশঙ্কা তো আছেই। কিন্তু চালকেরা দিনে ট্রাক বের করতে সাহস পান না। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কষ্টও হচ্ছে।’
উপজেলার বানাইল মহল্লার ট্রাকমালিক আফজাল হোসেন (৫৫) বলেন, ‘জরিমানা দেওয়ার ভয়ে চালকেরা সন্ধ্যা না নামলে যেতে চান না। এ কারণে দিনে এ উপজেলা থেকে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল কমে গেছে।’