দিনে চলে অভিযান মেশিন চলে রাতে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত রুটিন কাজ হিসেবে দিনে মাঝেমধ্যে অভিযান চালিয়েও পাথর উত্তোলন বন্ধ করতে পারছে না। কারণ পাথর উত্তোলন করা হচ্ছে রাতের বেলায়। অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে যোগসাজশ করেই বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করার কারণে পূর্ব জাফলংয়ের মন্দিরের জুম, কাটারিজুম ও বল্লাঘাট শ্মশানঘাট এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। ৭০-৮০ ফুট নিচ থেকে পাথর তোলার কারণে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পর্যটন এলাকা জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বোমা মেশিন রাখা হয়েছে। তবে তখন পাথর উত্তোলন বন্ধ ছিল। সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, বোমা মেশিন চলে গভীর রাতে। প্রতি রাতেই প্রায় ২০ থেকে ২৫টি বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হয়। কিন্তু প্রশাসন দিনের বেলায় রুটিন মাফিক অভিযান চালিয়ে দু-একটি মেশিন জব্দ করে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ সিংহের নেতৃত্বে পিয়াইন নদীতে অভিযান চালিয়ে একটি মেশিন জব্দ করে তা নষ্ট করা হয়।
পাথরশ্রমিক হারিছ মিয়া জানান, অভিযানের খবর আগেই বোমা মেশিনের মালিকেরা জেনে যান। এ কারণে অভিযানের আগে মালিকেরা তাঁদের ভালো মেশিনগুলো সরিয়ে অকেজো দু-একটি মেশিন রেখে দেন। প্রশাসন ওই মেশিনগুলোই জব্দ করে তৎপরতা দেখায়। মঙ্গলবারও একইভাবে একটি বোমা মেশিন অকেজো করে ভ্রাম্যমাণ আদালত রুটিন কাজ সারেন।
জাফলংয়ের সামাজিক সংগঠন ‘প্রজন্ম জাফলং’ এর জ্যেষ্ঠ সহসভাপতি রিপন আহমদ বলেন, দিনে বোমা মেশিন বন্ধের জন্য অভিযান চালানো হয়। অথচ রাতের বেলায় ঠিকই বোমা মেশিন চলে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক ভূঁইয়া বলেন, যখন প্রশাসন তাদের তৎপরতা বাড়িয়ে দেয় তখন দু-একদিন পাথর উত্তোলন বন্ধ থাকে।
প্রশাসনের সঙ্গে বোমা মেশিনের মালিকদের যোগসাজশ করার অভিযোগ সঠিক নয় দাবি করে গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ‘মঙ্গলবারেই এক লাখ টাকার একটি মেশিন পোড়ালাম। আবারও অভিযান চালাব।’ নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ সিংহ বলেন, অভিযান পরিচালনা করতে তাঁরা কোনো ত্রুটি করছেন না।