দিনে চুলা জ্বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত শুরু হতে না হতেই গ্যাস-সংকটের কারণে ভোগান্তি বেড়েছে চট্টগ্রামের আবাসিক গ্রাহকদের। গ্যাস না থাকায় দিনের বেলা চুলা জ্বলে না নগরের অনেক এলাকার বাসাবাড়িতে।
গ্যাসের চাপ কম থাকায় বিপদে আছে সিএনজি ফিলিং স্টেশনগুলোও। চট্টগ্রাম অঞ্চলে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা এবং গ্যাসের লাইনে চাপ কম থাকায় এ অবস্থা তৈরি হয়েছে।
বাকলিয়া, অক্সিজেন, বহদ্দারহাট, লাভলেইন, নন্দন কানন, আশকার দিঘীর পাড়, পাহাড়তলী, সাগরিকা রোড, জামালখান, পতেঙ্গা, হালিশহর, দামপাড়া, খুলশী, পাঁচলাইশ, কাট্টলীসহ বেশির ভাগ এলাকাতেই গ্যাস-সংকট চলছে। গ্যাসের অভাবে এসব এলাকার বাসিন্দারা প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। অনেকে সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা, কেরোসিনের স্টোভসহ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।
গতকাল বুধবার সকাল সাতটা থেকে গ্যাস না থাকায় আশকার দিঘীর পাড়ের অধিকাংশ বাড়িতে চুলা জ্বলেনি। বিকেল সাড়ে চারটার দিকে রান্নার জন্য চুলায় গ্যাস পাওয়া গেলেও দেড় ঘণ্টা পর গ্যাসের চাপ কমে যায়।
এলাকার বাসিন্দা মো. লোকমান বলেন, কয়েক বছর ধরেই শীতকালটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক মাস ধরে নিয়মিত গ্যাস পাচ্ছি না। সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত চুলায় আগুন থাকে না। তাই রান্না সারতে হচ্ছে রাতে। অনেক সময় চুলায় গ্যাসের চাপ বাড়তে মধ্যরাত পেরিয়ে যায়।
একই অবস্থা দামপাড়া গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকার। সেখানকার বাসিন্দা তাহমিনা তানিয়া বলেন, ‘গ্যাস-সংকটে বাধ্য হয়ে সিলিন্ডার কিনেছি। এতে মাসে বাড়তি দুই হাজার ৭০০ টাকা খরচ হচ্ছে।’ তিনি জানান, তাঁর বাসায় গতকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গ্যাস ছিল না।
গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রতিবছর শীত মৌসুমে সংকটে পড়তে হয় সিএনজি ফিলিং স্টেশনগুলোকেও। এ কারণে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন গ্রাহকেরা। অনেককে একাধিক ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে।
চট্টগ্রাম সিএনজি ফিলিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মো. মনসুরুল করিম প্রথম আলোকে বলেন, ‘নগরের অনেক ফিলিং স্টেশনেই বিকেলের আগে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই এ সমস্যা বাড়ছে। কাপ্তাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট পর্যন্ত চারটি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হয়েছে। গ্যাসের চাপ না বাড়লে এ সংখ্যা বাড়তেই থাকবে।’
গ্যাস-সংকট নিয়ে বিপাকে আছেন শিল্পমালিকেরা। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম জানান, আগামী মঙ্গলবার কেজিডিসিএলের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন।
গ্যাস-সংকটের কারণে ১৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ও শিকলবাহার ৪০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কান্তি চক্রবর্তী জানান, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় প্রায় তিন মাস ধরে ওই কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।
কেজিডিসিএল সূত্রে জানা গেছে, চট্টগ্রামে দৈনিক চাহিদা প্রায় সাড়ে ৪০ কোটি ঘনফুট (গ্যাস পরিমাপের একক)। পাওয়া যাচ্ছে গড়ে ২৫ কোটি ঘনফুট। আর এ গ্যাস বাখরাবাদ থেকে একটিমাত্র পাইপলাইনের মধ্যে দিয়ে সরবরাহ করা হয়। পাইপলাইনটি ১৩০ মাইল লম্বা। এ লাইন দিয়ে গ্যাস আসার সময় ফেনী পার হওয়ার পরই গ্যাসের চাপ কমে যাচ্ছে।
প্রকৌশলীরা বলছেন, লম্বা পাইপলাইন এবং ফেনীতে বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কিছু কারখানায় ওই পাইপলাইন থেকে গ্যাস টেনে নেওয়া হয়। এ কারণে ফেনী থেকে চট্টগ্রামে আসতে আসতে গ্যাসের চাপ ৩৫০ পিএসআই (গ্যাসের চাপ মাপার পরিমাপক) থেকে ১৫০ পিএসআইতে নেমে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্ণফুলী গ্যাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আশুগঞ্জ কমপ্রেশার স্টেশন আংশিক চালুর পরও চট্টগ্রামে গ্যাসের চাপ বাড়েনি। কারণ, চট্টগ্রামে গ্যাসের চাপ বাড়াতে ফেনীতে একটি কমপ্রেশার যন্ত্র (চাপ বাড়ানোর যন্ত্র) বসানোর বিকল্প নেই। পেট্রোবাংলায় এ বিষয়ে অনেক আবেদন করেছি, কিন্তু এখনো কাজ হয়নি।
কেজিডিসিএলের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়ায় গত বছরের তুলনায় এ বছর চুলার সংখ্যা লাখের কাছাকাছি বেড়েছে। চাহিদা ও জোগানের ভারসাম্য রাখা যাচ্ছে না বলেই সংকট প্রকট হয়ে উঠেছে। চট্টগ্রামে বর্তমানে আবাসিক চুলার সংখ্যা চার লাখের বেশি।
কর্ণফুলী গ্যাস সূত্র জানিয়েছে, সার কারখানা কাফকো চালু করা হলেও চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এখনো চালু হয়নি। সিইউএফএলে পুরোদমে উৎপাদন শুরু হলে চট্টগ্রামে গ্যাস-সংকট প্রকট হবে। কারণ, তখন সেখানে আরও প্রায় চার কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে হবে।
এ বিষয়ে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। এ নিয়ে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে।’