দিনে ছাতা, রাতে কাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের প্রচণ্ড রোদে মাথার ওপর ছাতা ধরে রাখতে হয়। আবার রাতে পড়ছে ঠান্ডা। এ কারণে ঘুমানোর সময় কাঁথা-কম্বল নিতে হচ্ছে। প্রকৃতির এমন বিরূপ আচরণে শিশুরা সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৫ দিন ধরে এ চিত্র দেখা যাচ্ছে।
সম্প্রতি শাহজাদপুর উপজেলা শিশু হাসপাতাল ও মাতৃসদনে গিয়ে দেখা গেছে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বেড ও মেঝেতে চিকিৎসা চলছে। অর্ধশতাধিক শিশুকে চিকিৎসা দিতে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা হিমশিম খাচ্ছেন। এর মধ্যে কয়েকজন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের উন্নত চিকৎসার জন্য বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
রোগীর স্বজনেরা জানান, এবার কার্তিক মাসের শুরুতেই শীত পড়তে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাতের শীত নিবারণ করতে অধিকাংশ লোকজনই কাঁথা-কম্বল ব্যবহার করছেন।
উপজেলার পোতাজিয়া গ্রামের আছিয়া বেগম জানান, তাঁর চার মাসের শিশু আলিফ তিন দিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছে। পাশের বাড়ির আম্বিয়া বেগম বলেন, তাঁর ছয় মাসের শিশু হানিফ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। শিশু হাসপাতালে ভর্তি করার পর এখন অবস্থার উন্নতি হয়েছে।
শাহজাদপুর শিশু হাসপাতাল ও মাতৃসদনে কর্মরত শিশু চিকিৎসক শাহ মোস্তফা সরোয়ার বলেন, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে, বিশেষ করে শিশুরা, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অধিকাংশ রোগীই এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। তবে শীতের মৌসুম শুরুর আগেই শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেশি বলে মনে হচ্ছে।