দিনে দর্শনার্থী আর রাতে অপরাধীদের অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমিরের মাচায় যেন প্লাস্টিকের বোতল আর আবর্জনার ভাগাড় l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমিরের মাচায় যেন প্লাস্টিকের বোতল আর আবর্জনার ভাগাড় l ছবি: প্রথম আলো

সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীদের বিচরণ থাকে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা আসেন৷ ঠিক চিড়িয়াখানার মতো আবদ্ধ নয়, অরণ্যের আবহে ভয়ংকর আর অদ্ভুত সুন্দর সব প্রাণীর ঘুরে বেড়ানো দেখার জন্যই সবার কৌতূহল৷
কিন্তু সন্ধ্যা গড়াতেই সাফারি পার্কের পরিবেশ অন্য রকম হতে শুরু করে৷ সূর্য ডুবলে তা পরিণত হয় বিভিন্ন অপরাধমূলক তৎপরতার অভয়ারণ্যে৷ তবে দিনেও দর্শনার্থীরা শিকার হন নানা হয়রানির৷ সম্প্রতি সেখানে গিয়ে এই চিত্র পাওয়া গেছে৷
সাফারি পার্কের অবস্থান রাজধানীর অদূরে গাজীপুর থেকে তিন কিলোমিটার দূরে বাঘের বাজার এলাকায়৷ সন্ধ্যা গড়ানোর পর সাফারি পার্কের ভেতরে দেখা গেল মোটরসাইকেলে একদল তরুণের ভিড়৷ প্রধান ফটক দিয়ে ঢুকলেন আরেক দল তরুণ৷ অনুসন্ধানে জানা গেল, এঁরা সবাই স্থানীয় প্রভাবশালী৷ তাঁদের মধ্যে বেশির ভাগই সরকারি দলের স্থানীয় নেতা-কর্মী৷ মূলত মাদকের ব্যবসা আর মাদক সেবনের জন্য তাঁরা পার্কের ভেতরে আসেন৷ পার্কের বাইরের একজন ফলবিক্রেতা জানালেন, সন্ধ্যার পর এঁরাই হয়ে যান সাফারি পার্কের রাজা৷
‘যেখানে মানুষ থাকবে খাঁচায় আর প্রাণীরা থাকবে উন্মুক্ত চত্বরে’—সাফারি পার্কের এই মূলমন্ত্র অবশ্য কিছুটা হলেও চোখে পড়বে ময়ূরের খাঁচা আর বাঘ-িসংহবেষ্টনীতে গেলে৷ বিশেষ বাসে চড়ে ভেতরে প্রবেশ করতেই ১৪টি বেঙ্গল টাইগার বাসের কাছে চলে আসবে৷ সিংহবেষ্টনীতেও একই ধরনের ভয় আর উত্তেজনার অনুভূতি মিলবে৷
তবে কুমিরের খাঁচার সামনে গেলে প্রাণীটির জন্য বেদনাই জাগবে৷ বিশাল নদী আর সমুদ্র যার বসতি, তাকে এখানে রাখা হয়েছে ছোট্ট একটি কামরাসদৃশ জলাশয়ে৷ সেই জলাশয়ের মধ্যেই দর্শনার্থীদের ছুড়ে ফেলা শতাধিক খালি বোতল কুমিরের বিশ্রামের স্থানটি দখল করে আছে৷ কুমিরের আয়েশি নড়াচড়ায় ব্যাঘাত ঘটাতে কিছুক্ষণ পরপর দর্শনার্থীদের ঢিল ছুড়তে দেখা গেল৷
পার্কের মনোরম পরিবেশকে আরও বিষিয়ে তুলেছে নানা অনিয়ম৷ প্রধান ফটক ঘেঁষে বন কেটে গাড়ি পার্কিংয়ের অবৈধ ব্যবসা ফেঁদে বসেছেন স্থানীয় ওই প্রভাবশালীরা৷ প্রতি যানবাহনে ৫০ থেকে ২০০ টাকা করে আদায় করা হয়৷
শ্রীপুর থানা এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেল, পার্কের ভেতরে ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসা, মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে৷ এসব কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বড় অংশই গাজীপুর ও শ্রীপুর আওয়ামী লীগের নেতা-কর্মী৷ এই চক্রের ২০ জনের বিরুদ্ধে বন বিভাগ থেকে শতাধিক মামলা করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে র্যাব-১-এর

কাছে লিখিত অভিযোগও করেছে বন বিভাগ৷ সম্প্রতি বিভিন্ন মামলায় এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ জামিন পাওয়ার পর তাঁরা আবার আগের মতোই তৎপর রয়েছেন৷ অভিযোগের বিষয়ে চক্রের ছয়জনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়৷ তাঁরা সবাই এসব অভিযোগ অস্বীকার করেছেন৷
প্রধান বন সংরক্ষক ইউনুস আলী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের উচ্ছেদ করা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়৷ আমরা এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি৷’
বন বিভাগ সূত্র জানায়, মামলা ও অভিযোগ করা হলেও এঁদের বেশির ভাগের বিরুদ্ধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কোনো ব্যবস্থা নেয়নি৷ বেশির ভাগ আসামি কাগজে-কলমে পলাতক থাকলেও তাদের সাফারি পার্ক এলাকায় ঘুরতে দেখা যায়৷
শ্রীপুর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে বনের জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতার জন্য বন বিভাগের পাঁচটি মামলা রয়েছে৷ সাফারি পার্কের প্রধান ফটকের অবৈধ গাড়ি পার্কিংয়ের ব্যবসা দেখাশোনা করেন তিনি৷ বন বিভাগ থেকে র্যাবের কাছে পাঠানো চিঠিতে শ্রীপুর ছাত্রলীগের নেতা মাহফুজুর রহমানের নাম রয়েছে৷ তাঁকেও দেখা গেল সেখানে৷
পার্কের বাইরে বসা কয়েকজন দোকানি আকারে-ইঙ্গিতে জানালেন, মাদক বা অন্য কোনো কিছু লাগলে চক্রের সদস্যরা ব্যবস্থা করে দেবে৷ এমনকি বাড়তি টাকা দিলে সাফারি পার্কের ভেতরে সব পাওয়া যাবে৷ আর সমস্যা হলে নেতারা দেখবেন বলেও অভয় দিলেন একজন বিক্রেতা৷
গত বছরের ২৭ জুলাই সাফারি পার্কে বেড়াতে আসা এক নারীকে স্থানীয় যুবলীগ নেতা আশরাফুল আলম, আক্তার হোসেন, খোরশেদ আলম ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে৷ তাঁর সঙ্গীকে আটকে মারধর করে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হয়৷ এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করা হয়েছে৷
এর আগে ৫ জুন ইভ টিজিং, শ্লীলতাহানি এবং মারধরের ঘটনা নিয়ে সাফারি পার্কের কর্মচারী ও দর্শনার্থীদের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ হয়৷ এই ঘটনার পর পরই ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, হেলালউদ্দিন এবং আল-আমীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেনের বাসায় হামলা চালায়৷ এ ঘটনায়ও শ্রীপুর থানায় বন বিভাগ থেকে মামলা করা হয়৷
সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও বন বিভাগ থেকে স্থানীয় করিম ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাফারি পার্কের জমি দখল করে জুয়ার আসরসহ অসামাজিক কাজ চালানোর অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে জানতে চাইলে সিরাজুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেন৷
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফাির পার্ক কর্তৃপক্ষ গত ৫ মার্চ গাজীপুর জেলা প্রশাসকের কাছে অবৈধ দখলদারদের কাছ থেকে পার্কের জমি দখলমুক্ত করার ব্যাপারে সহযোগিতা চেয়েছে৷ এ বিষয়ে এক চিঠিতে স্থানীয় সিরাজউদ্দিন এবং আবদুল করিমের বাহিনীর দখলে থাকা বনভূমি দখলমুক্ত করতে সহযোগিতা চাওয়া হয়৷
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারে আমরা পর্যায়ক্রমে উদ্যোগ নিয়েছি৷ আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের কাছে সাফাির পার্ক এলাকায় আলাদা স্থায়ী পুলিশ ক্যাম্প ও আনসার বাহিনী মোতায়েনের জন্য অনুরোধ করেছি৷’
উল্লেখ্য, প্রায় পাঁচ হাজার একর আয়তনের পার্কটি ২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে৷ আগামী জুনে পার্কটি নির্মাণের মেয়াদকাল শেষ হয়ে গেলেও এখনো এর অর্ধেক স্থাপনার কাজ বাকি৷