কমে যাচ্ছে চশমা পরা হনুমান

একটু দূর থেকে হঠাৎ যদি দেখা যায়, তাহলে অনেকেই বানরের চোখে চশমা পরানো হয়েছে ভেবে ভুল করতে পারেন। তবে কাছাকাছি গেলে স্পষ্ট হবে, চোখের চারপাশে সাদা রঙের লোমে আবৃত হয়ে চশমার আকার নিয়েছে। এ জন্যই প্রাণীটির নাম চশমা পরা হনুমান। শরীরের তুলনায় লেজ অনেক লম্বা। শরীর কালচে বাদামি, বুকের দিকটা সাদাটে। দিনে দিনে প্রাণীটি কমে যাচ্ছে বলে মনে করছেন বন্য প্রাণী সংরক্ষণবিদেরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া পুঞ্জি এলাকার বাসিন্দা সাজু মারছিয়াং বলেন, একসময় লাউয়াছড়ায় অনেক চশমা পরা হনুমান চোখে পড়ত। এখন হঠাৎ চোখে পড়ে। আগের মতো বনে আর এই প্রাণীটি নেই। বনের ভেতরে বন্য প্রাণীদের খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সংকট রয়েছে। এ ছাড়া পর্যটকদের অবাধ আনাগোনার কারণে বন ছেড়ে এসব প্রাণী প্রায়ই বনের বাইরে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। তাই দিন দিন এই প্রাণীটি বিলুপ্তির পথে চলে যাচ্ছে।

শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, চশমা পরা হনুমান আকারে ছোট এবং এদের লেজ অনেক লম্বা হয়ে থাকে। তাদের চোখের চারপাশের লোম সাদা রঙের, ফলে এটিকে চশমার মতো মনে হয়। এরা হনুমানের চেয়েও লাজুক প্রকৃতির। দিনের বেলায় ঘন বনের ছায়াযুক্ত স্থানে বিচরণ করতে পছন্দ করে। আর সহজে এরা মাটিতে নামে না। চশমা পরা হনুমান কচিপাতা, ফুল-ফল বীজ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। পানির চাহিদা পূরণ করতে শিশির লেগে থাকা পাতা চেটে খায় ও পানিবহুল লতাগুল্ম খায়। একসময় লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য, পাবলাখালি বন্য প্রাণী অভয়ারণ্য ও কাপ্তাই জাতীয় উদ্যানে চশমা পরা হনুমান চোখে পড়লেও এখন অনেক কমে যাচ্ছে। এখন এটি দিন দিন বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে। এদের টিকিয়ে রাখতে বনজ সম্পদ আহরণ বন্ধ ও নির্বিচারে গাছপালা ধ্বংস রোধ করে বন্য প্রাণীর খাদ্য ও আবাসস্থল ঠিক রাখতে হবে।