দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ পায় তেরখাদাবাসী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমাহীন লোডশেডিংয়ের শিকার হচ্ছে খুলনার তেরখাদা উপজেলাবাসী। ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ তাঁদের। তা ছাড়া রমজান মাসে সাহরি, ইফতার ও তারাবির সময়ও বিদ্যুৎ থাকে না বলে জানান তাঁরা।
দিনে বিদ্যুৎ না থাকায় অফিস আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়েছে এলাকার উন্নয়ন। বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তেরখাদাবাসীর বিদ্যুতের এ সমস্যা দীর্ঘদিনের। শীত মৌসুমে ওই এলাকার মানুষ ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ পেলেও গরমের সময় বিদ্যুৎ পায় ২ থেকে ৫ ঘণ্টা।
তেরখাদার ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, তেরখাদায় দিনে বিশেষ করে অফিস সময়ে বিদ্যুৎ থাকছে না। এতে প্রায় সব অফিসের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। রাতে কিছু কিছু সময় বিদ্যুৎ থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। মাঝে মাঝে ইফতার, তারাবি ও সাহরির সময়ও বিদ্যুৎ থাকে না।
ওই উপজেলার ১০-১২ জন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তেরখাদা উপজেলায় পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। তাঁদের অভিযোগ, বর্তমানে তেরখাদাবাসী ২৪ ঘণ্টায় ২ ঘণ্টাও বিদ্যুৎ পায় না। আর বিদ্যুৎ না থাকায় ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটছে। মিল কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
জানা গেছে, কয়েক মাস ধরে তেরখাদায় বিদ্যুতের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ঝড় তো দূরের কথা, একটু জোরে বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকে না। কখনো কখনো এটা স্থায়ী হয় এক থেকে দুদিন পর্যন্ত।
এ ব্যাপারে উপজেলা সদরের কাটেঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম বলেন, ‘লোডশেডিং এতটাই বেড়ে গেছে যে ইফতার, তারাবি ও মাঝে মাঝে সাহরির সময়ও বিদ্যুৎ থাকে না। আর দিনের বেলা তো বিদ্যুৎ থাকে না বললেই চলে।’ তেরখাদার সার্বিক উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে লোডশেডিং কমানোর দাবি জানান তিনি।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. শহিদুজ্জামান বলেন, বর্তমানে তেরখাদায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কাছ থেকে বিদ্যুৎ নিয়ে। কিন্তু সেখানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। তবে ওই এলাকায় ১০ মেগা ভোল্ট আম্পিয়ারের বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই স্টেশনে গোপালগঞ্জের গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। কিন্তু মধ্যবর্তী লাইনের কিছু সমস্যার কারণে ওই স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করতে দেরি হচ্ছে। তবে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ওই স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ওই এলাকার বিদ্যুৎ সমস্যা আর থাকবে না।