দিনে নিষ্প্রাণ পশুর হাট রাতে জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে গতকাল রোববার সারা দিনই ব্যাপারিদের মুখ ছিল মলিন। হরতালের কারণে ক্রেতাহীন হাটে অলস সময় কেটেছে তাঁদের। কিন্তু সন্ধ্যায় আনন্দে ভেসেছে এসব মুখ। কারণ ক্রেতাদের আগমনে জমজমাট ছিল হাট, বিক্রিও হয়েছে বেশ।সকাল সাড়ে ১০টা ও বেলা আড়াইটায় আগারগাঁও অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা গেছে অনেক পশু, কিন্তু কোনো ক্রেতা নেই। ব্যাপারিরা বসে আছেন। কেউ গরু সাজাচ্ছেন, কেউ গল্প করছেন। অথচ সন্ধ্যার পর এই হাটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। গরু বিক্রি হওয়ায় খুশি ব্যাপারিরা। আর কাঙ্ক্ষিত দামে কিনতে পেরে খুশি ক্রেতারাও। দিনে ও সন্ধ্যায় এ রকম ভিন্ন চিত্র গতকাল ছিল সব হাটে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ইজারা অনুযায়ী গতকালই ছিল অস্থায়ী পশুর হাটের প্রথম দিন।সন্ধ্যার পর আগারগাঁও হাটে ৫৯ হাজার টাকায় একটি গরু কিনে আনন্দিত পশ্চিম রাজাবাজারের শামিম আহমেদ বললেন, ‘গত বছরও এমন গরু একই দামে কিনেছি। এখন একই টাকায় আরেকটু বড় একটি ষাঁড় কিনতে পারি কি না দেখছি।’আগারগাঁও বস্তির খালি জায়গার নির্ধারিত স্থান পশুতে পূর্ণ হয়ে যাওয়ায় হাটের ইজারাদারেরা সড়কের উল্টো দিকের পার্কেও বাঁশ পুঁতে গরু-ছাগল রাখার ব্যবস্থা করেছেন। এই হাটে গতকাল দিনে কোনো গরু বিক্রি হয়নি। কিন্তু সন্ধ্যার পর বিক্রি জমজমাট হওয়ায় হাসিল আদায়ে দায়িত্বরত ব্যক্তিদের হিমশিম খেতে হয়।গাবতলী হাট: নগরের বৃহত্তম স্থায়ী পশুর হাট গাবতলী কোরবানির পশুতে পরিপূর্ণ হয়ে গেছে। হাটের বিভিন্ন প্রান্তে আছে দেশি-বিদেশি গরু, মোষ, ছাগল-ভেড়া, উট ও ছাগল। ব্যবসায়ীরা জানান, হরতালের কারণে আরিচার ওপারে আটকে পড়া গরুভর্তি ট্রাকগুলো রাতে আসতে শুরু করবে। সারা দিন কোনো পশু বিক্রি না হলেও এই হাটে বিকেল থেকে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রিও হয়েছে অনেক।মঙ্গলবার ওয়াহাব ব্যাপারি ১৪-১৫ মণ ওজনের ধবধবে সাদা নেপালি যে গরুটির দাম হেঁকেছিলেন দেড় লাখ টাকা, সেটি কাল রাতে বিক্রি করেন ৮৫ হাজার টাকায়। এটি কেনেন ধানমন্ডির লোকমান ঠাকুর।কুষ্টিয়ার আবদুর রহিম তাঁর ১০-১২ মণ ওজনের দেশি কালো হূষ্টপুষ্ট ষাঁড় বিক্রি করেন এক লাখ ১০ হাজার টাকায়। মোমিন ব্যাপারি তাঁর সাতটি উটের একটি বিক্রি করেন সাড়ে ছয় লাখ টাকায়।যদিও গাবতলী হাটের সারা দিনের চিত্র ছিল ঠিক এর উল্টো। এই হাটের টিক্কা ব্যাপারি হরতাল চলাকালে ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা আশা করেছিলাম কোরবানির পশুভর্তি ট্রাক হরতালের আওতামুক্ত থাকবে। কিন্তু শনিবার এ ব্যাপারটি স্পষ্ট করা হয়নি। এতে আমরা ব্যাপারিরা অবাক হইছি।’নয়াবাজার: পুরান ঢাকার নয়াবাজার হাট বসে আরমানিটোলা মাঠে। ডিসিসি শুধু এই মাঠটি হাটের জন্য ইজারা দেয়। কিন্তু গতকাল ওই হাটের আয়োজকেরা জানান, হাটে পশুর সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার। বৃহস্পতিবারই ওই মাঠ পশুতে ভরে যায়। শুক্রবার থেকে পশু রাখা হচ্ছে মাঠসংলগ্ন সড়কে বাঁশ পুঁতে। মাঠের তিন দিকের সড়কও গরুতে ভরে গেছে। এসব সড়কে যানবাহন চলাচলের উপায় নেই।এ ব্যাপারে আয়োজকদের একজন মোহাম্মদ বিপ্লব বলেন, ‘ব্যাপারিরা হাটে গরু নিয়ে এলে তাঁদের তো চলে যেতে বলতে পারি না।’ সন্ধ্যার পর হাটে ভিড়ের কারণে সংলগ্ন সড়কে তীব্র যানজট হয়।ব্রাদার্স ইউনিয়নের মাঠ: ব্রাদার্স ইউনিয়ন মাঠের পশুর হাটসংলগ্ন সাদেক হোসেন খোকা সড়কেও বিস্তৃত হয়েছে। হাটের পরিচালক মোহাম্মদ সুলতান মিয়া বলেন, এই হাটে গরুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। আরও গরু আসবে। অনেক গরু পাশের বিদ্যালয়ের মাঠে বাঁধা হয়েছে।গতকাল বিভিন্ন হাটে ছোট-মাঝারি গরু ২৫ থেকে ৩৫ হাজার টাকা, এর চেয়ে বড় আকৃতির দেশি হূষ্টপুষ্ট গরু ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে হাটে আসা সবচেয়ে বড় গরুগুলো গতকালও বিক্রি হয়নি।