দিনে পথে পথে রাতে ফোনে ফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ। তাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুরোদমে চলছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা। দিনে তাঁরা গ্রামের পথে পথে আর রাতে মুঠোফোনে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরের পাঁচটি ইউনিয়নে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নির্বাচন হবে। চেয়ারম্যান পদের লড়াইয়ে নেমেছেন ১৪ জন। ৪৫টি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ১২০ ও ১৫টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন নারী প্রার্থী রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের বাকি ২২ দিন। তারপরও প্রার্থীদের চোখে ঘুম নেই। প্রার্থীরা সবাই নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন উপলক্ষে গ্রামে গ্রামে বইছে ভোটের হাওয়া ও উৎসবের আমেজ। দলীয় নেতা-কর্মী আর সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়িতে। গণসংযোগ শেষে প্রার্থীর বাড়িতে চলছে পরের দিনের প্রস্তুতি বৈঠক। এরপর মুঠোফোনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং দলীয় নেতা-কর্মীর মনোবল চাঙা করছেন।
চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার উদ্দিন সোহাগ, হারুনুর রশিদ, সদস্য প্রার্থী মো. ইসমাইল হোসেন ও হানিফ দেওয়ান জানান, তাঁরা এখন অনেক কষ্টে আছেন। সারা দিন দৌড়াদৌড়ি করে রাতে বাসায় গিয়ে আবার বৈঠক। এরপর ফোনে ফোনে তাঁদের রাত কেটে যায়। ভোরের আগে বিছানায় গেলেও সকালেই আবার গ্রামের পথে পথে বের হয়ে পড়ছেন।
উত্তর চরবংশী ইউপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন হাওলাদার বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে অনেক খাটাখাটনি করেছি। ওয়ার্ডবাসীর কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি।’