দিনে পদত্যাগ নিয়ে ধূম্রজাল সৃষ্টির অভিযোগ এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জাতীয় পার্টির দুই নেতার আলোচনা হয়েছে। রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।
শেখ হাসিনার উপস্থিতিতে এ বৈঠকে আ.লীগের নেতাদের মধ্যে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ। জাতীয় পার্টির দুই নেতা হলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ দুই নেতা জাতীয় পার্টিতে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। বৈঠকে এ দুই নেতা তাঁদের পক্ষ থেকে ৬৩টি আসনের তালিকা আ.লীগকে দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে গতকাল দুপুরে নিজ বাসভবনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সংবাদ ব্রিফিংয়ে গত রোববার গণভবনে আওয়ামী লীগের বৈঠকে জাপাকে ১০০টি আসন দেওয়ার সিদ্ধান্তের খবর পত্রিকায় ছাপা হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন অর্থহীন ও ক্ষণস্থায়ী। এ সরকারও ক্ষণস্থায়ী। সে নির্বাচনে ১০০ আসন দিলেই কী, ২০০ আসন দিলেই কী, তাতে কিছু যায়-আসে না। যেহেতু আমি নির্বাচন করছি না।’
দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগ প্রসঙ্গে তিনি দাবি করেন, তাঁর দলের সাত মন্ত্রী-উপদেষ্টার পদত্যাগ নিয়ে সরকার ‘ধূম্রজাল’ সৃষ্টি করেছে।

এরশাদ বলেন, ‘আমার সাতজন মন্ত্রী-উপদেষ্টার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য আমার মহাসচিব গিয়েছিলেন শনিবারে। তাঁরা নেননি, বলেছেন অফিস বন্ধ। গিয়েছিলেন পরদিন রোববার, নেননি। আমরা ডাকে পাঠিয়ে দেওয়ার পর আজ (সোমবার) মহাসচিব সরাসরি গেছেন প্রধামন্ত্রীর সচিবালয়ে। তিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারির কক্ষে বসে আছেন। তাঁরা কেউ নেবেন না। এরপর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীকে দিতে গেছেন। তিনি বলেছেন, তিনি মিলিটারির লোক, এসবে জড়াতে চান না।’

এর এক ঘণ্টা পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, জাপার মন্ত্রীরা পদত্যাগ করেছেন, এ-সংক্রান্ত কোনো খবর তাঁর কাছে নেই। পদত্যাগ করতে হলে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দিতে হবে এবং তা রাষ্ট্রপতির কাছে যাবে।

এরপর গতকাল সন্ধ্যা সোয়া ছয়টায় বারিধারায় এরশাদের বাসার নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের জাপার মহাসচিব বলেন, ‘পদত্যাগপত্র পৌঁছে দিয়েছি। এখন গ্রহণ করবে কী করবে না, সেটা তাদের বিষয়।’
গতকাল সচিবালয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভার বৈঠকে জাপার ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর কেউ যোগ দেননি। এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাপার যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের ১৩ ডিসেম্বরের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়ার জন্য এরশাদ গতকাল আবারও নির্দেশ দিয়েছেন।