দিনে পর্যটক, রাতে রোহিঙ্গা নিয়ে কক্সবাজার পুলিশের পেরেশানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা আর দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আসা পর্যটকদের সামাল দিতেই কক্সবাজারের পুলিশ সদস্যদের বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হচ্ছে। এ কারণে অপরাধমূলক তত্পরতা বন্ধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। জনবল ও যানবাহন সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, প্রতিদিন কক্সবাজার শহরে ৪০ হাজারের বেশি পর্যটক ভ্রমণে আসছে। তাদের নিরাপত্তা নিয়ে পুলিশকে ব্যস্ত থাকতে হয়। রোহিঙ্গারা দিনের পরিবর্তে রাতের বেলায় শহরে রিকশা চালায়। পর্যটকেরা এসব রিকশায় উঠলে রোহিঙ্গারা সুবিধামতো জায়গায় নিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। গত চার দিনে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮টি রিকশাসহ ৮৩ জন রোহিঙ্গাকে আটক করে।টেকনাফ থানার ওসি মো. খালেদ হোসাইন জানান, টেকনাফের বিভিন্ন স্থানে অন্তত ৫০-৬০ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গার বসবাস। স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। চকরিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, রোহিঙ্গাদের কারণে বনাঞ্চলের গাছ, খেতের ফসল রাখা যাচ্ছে না। এলাকায় সংঘটিত ৯০ শতাংশ চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক তত্পরতার সঙ্গে রোহিঙ্গারা জড়িত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পুলিশ বিভাগে এক হাজার ৩২টি পদের মধ্যে উপপরিদর্শক (এসআই) ১৬, সহকারী উপপরিদর্শক (এএসআই) ১০, কনস্টেবল ৭৪, সার্জেন্ট ৪ ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীর ২৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া পর্যটন পুলিশের ৫১টি পদ শূন্য রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার কয়েকটি ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রের অবস্থা খুব খারাপ। কেন্দ্রগুলোতে সরকারি কোনো যানবাহন নেই। চকরিয়ার বদরখালী নৌ-পুলিশ ফাঁড়িতে নৌযান নেই। কুতুবদিয়া ও মহেশখালী থানায়ও নৌযান নেই।গত ৮ জানুয়ারি কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ সময় পুলিশের কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে লোকবল ও যানবাহনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, জেলার সংঘটিত ৮০ ভাগ অপরাধ রোহিঙ্গারা করছে। তাই রোহিঙ্গাদের নিয়েই পুলিশ বাহিনীর সদস্যদের বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হচ্ছে। পাশাপাশি সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য কাজও পুলিশ করছে। তিনি আরও জানান, জনবল ও যানবাহন সংকটের কারণে কাজ করতে গিয়ে পুলিশের সমস্যা হচ্ছে।