দিনে পাঁচ ঘণ্টা শেষ রেলগেটেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরে যানজটের এমন চিত্র প্রতিদিনের। ২ নম্বর রেলগেট এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জ নগরে যানজটের এমন চিত্র প্রতিদিনের। ২ নম্বর রেলগেট এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ নগরের মানুষ দিনে অন্তত পাঁচ ঘণ্টা রেলগেটে আটকা পড়ে থাকেন। নগরের ওপর দিয়ে যাওয়া প্রায় এক কিলোমিটার রেলপথে আছে পাঁচটি রেলগেট। গড়ে প্রায় আধা ঘণ্টা পর পর এই গেটগুলো বন্ধ করতে হয়। তখনই নগরের বিস্তৃত এলাকাজুড়ে তৈরি হয় যানজট।
প্রতিদিন এই যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। যুগের পর যুগ ধরে এই অবস্থা চলে এলেও নগরবাসীর পরিত্রাণে কর্তৃপক্ষের দৃশ্যত কোনো উদ্যোগ নেই। আর বাধ্য হয়ে নগরবাসী এ যানজটকে ‘নিত্য নিয়তি’ হিসেবেই মেনে নিয়েছেন।
রেলওয়ে ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে চাষাঢ়া স্টেশন পর্যন্ত রয়েছে প্রায় এক কিলোমিটার রেলপথ। এর মধ্যে ফলপট্টি, দুই নম্বর রেলগেট ও চাষাঢ়ায় তিনটি অনুমোদিত রেলক্রসিং ছাড়াও উকিলপাড়া ও গলাচিপায় রয়েছে দুটি অননুমোদিত রেলক্রসিং। ঢাকা-নারায়ণগঞ্জ পথে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৭ ঘণ্টায় ৩২ বার (১৬ জোড়া) ট্রেন চলাচল করে। অর্থাৎ গড়ে প্রতি আধা ঘণ্টা পর পর ট্রেন আসা-যাওয়ার মধ্যে থাকে।
রেলওয়ের নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, একটি ট্রেন চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ স্টেশনের উদ্দেশে ছাড়ার আগে ওই পাঁচটি রেলগেট বন্ধ করে দিতে হয়। ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট। একইভাবে নারায়ণগঞ্জ থেকে ট্রেন চাষাঢ়ার উদ্দেশে ছাড়ার কিছুক্ষণ আগে ওই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

যানজটের প্রসঙ্গ তুলতেই নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সোহরাব হোসেন পকেট থেকে বের করা ট্রেনের সময়সূচির কার্ড দেখিয়ে বললেন, ব্যস্ত এই নগরে দিনে ৩২ বার রেলগেট বন্ধ হওয়াই যানজটের প্রধান কারণ। রেলগেট বন্ধ হওয়ার পর মুহূর্তেই দুই নম্বর রেলগেট, উকিল পাড়া, ফলপট্টি, চাষাঢ়াসহ বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। রেলগেট খুলে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হতে ১০ থেকে ১৫ মিনিট লেগে যায়।

এভাবে দিনের অন্তত পাঁচ ঘণ্টা থমকে থাকে নগরজীবন। যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে না-হতেই আবার চলে আসে ট্রেন। আবার যানজট। যানজটের এ চক্রেই বাঁধা ১০ লক্ষাধিক মানুষের এই নগর। সম্প্রতি সরেজমিনে এমন চিত্রই পাওয়া গেছে।

ট্রাফিক পুলিশ বিভাগ বলছে, অপরিকল্পিত নগরায়ণ, যত্রতত্র পার্কিং, বঙ্গবন্ধু সড়কের পাশে গড়ে ওঠা প্রায় সব কটি বিপণিবিতান, বাণিজ্যিক ও বহুতল ভবনে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা, যাত্রী ওঠানামার জন্য আলাদা বাসস্ট্যান্ড না থাকা এবং রাস্তায় সভা-সমাবেশ যানজটকে প্রকট করে তোলে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুল হক বলেন, শহরের ভেতরে (একই লেভেলে) ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল বিজ্ঞানসম্মত নয়। একই রাস্তায় এ দুই ধরনের যান চলাচল করলে নানা সমস্যা থেকে যায়। এ কারণে শহরের ভেতরে ট্রেনলাইন রাস্তা থেকে ওপরে অথবা মাটির নিচ দিয়ে নেওয়াই বেশি কার্যকর।

নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন করা ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি নূরুদ্দিন আহমেদ প্রতিদিনের যানজটের এই ভোগান্তি থেকে নারায়ণগঞ্জের মানুষকে রেহাই দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, যানজট নিরসন করা ট্রাফিক বিভাগের কাজ। কিন্তু ঘন ঘন রেলগেট বন্ধ হওয়াই এ যানজটের প্রধান কারণ—ট্রাফিক বিভাগের এমন পর্যবেক্ষণের কথা স্মরণ করিয়ে দিলে মেয়র বলেন, ‘এখন সিটি করপোরেশন চাইলেই তো এখানে বিকল্প ব্যবস্থা নিতে পারবে না। এটা রেলওয়ের সঙ্গে আলোচনা করে যৌথভাবে করতে হবে। আমরা বিষয়টি ভেবে দেখব।’

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) রফিকুল আলম প্রথম আলোকে বলেন, একটি প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের উপযোগী স্থানগুলোতে যানবাহনের ওভারপাস নির্মাণের ব্যাপারে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। ব্যস্ত লেভেল ক্রসিংগুলোতে জায়গা থাকলে সেসব স্থানে ওভারপাস নির্মাণ করা হবে।