দিনে পানিতে ডুবে প্রাণ যায় ৪০ শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতিবছর ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এক দিনে মারা যায় ৪০ শিশু। তবে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত দেখেশুনে রাখলে নয় হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু ঠেকানো সম্ভব বলে এক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘সেভিং লাইভস ফ্রম ড্রনিং প্রজেক্ট (সলিড) ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এক গবেষণার এই ফলাফল জানানো হয়। সেন্টার ফল ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে অনুযায়ী, শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ পানিতে ডোবা। প্রতিবছর দেশে ১৫ হাজার বা এক দিনে ৪০ শিশু পানিতে ডুবে মারা যায়।
সেমিনারে মূল উপস্থাপনায় সিআইপিআরবির প্রোগ্রাম পরিচালক আমিনুর রহমান বলেন, পানিতে ডুবে এই শিশু মৃত্যুর হার কমাতে কার্যকর প্রতিরোধ হতে পারে প্রকল্পের শিশু দিবাযত্ন কেন্দ্র ‘আঁচল’ পরিচালনা বা প্লে পেন ব্যবহার। প্লে পেন হচ্ছে কাঠ বা প্লাস্টিকের তৈরি নিরাপদ বেষ্টনী, যেখানে শিশুদের রাখা হয়।

সেমিনার থেকে বলা হয়, ২০১২ সাল থেকে সলিড প্রকল্প শুরু হয়। পানিতে ডুবে শিশুমৃত্যু হার কমাতে এই প্রকল্পে দেশের পাঁচটি জেলার ৩ হাজার ২০৫টি শিশু দিবাযত্ন কেন্দ্রে (আঁচল) ৭৫ হাজার শিশুকে রাখা হয়। এই কেন্দ্রগুলোতে একজন ‘আঁচল মা’ সপ্তাহে ছয় দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এক থেকে চার বছর বয়সী শিশুদের পর্যবেক্ষণ করেন। শিশুদের মানসিক বিকাশের জন্য সেখানে গান, ছড়া শেখানোসহ পাশাপাশি স্বাস্থ্যসহ বিভিন্ন শিক্ষা দেওয়া হয়। এ ছাড়া ৫৫ হাজার প্লে পেন দেওয়া হয়।

আঁচল পরিচালনায় আর্থিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়। প্রকল্প শেষে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়। সেমিনারে গবেষণার ফলাফল তুলে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওলা কুনলে অ্যালেঙ্গা বলেন, আঁচলের মাধ্যমে নয় হাজার শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে। দুই বছরের এই প্রকল্প শেষে পানিতে ডুবে মৃত্যুর হার কমে প্রতি লাখে ৪৩ শতাংশ হয়েছে। প্রকল্প শুরুতে এই হার ছিল ১০৫ শতাংশ। আঁচলে শিশুর নিরাপত্তার পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেমিনার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, এ কাজের ফলাফল আশাব্যঞ্জক টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। এতে শিশুমৃত্যুর হার কমেছে, এটাকে চলমান রাখতে হবে। তিনি বলেন, এই অর্জনগুলো ধরে রাখতে হলে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করে এই উদ্যোগ বড় আকারে নিতে হবে। শিশুদের নিয়ে সরকার, বেসরকারি সংস্থাগুলো যৌথ উদ্যোগে সম্মিলিতভাবে চেষ্টা করলে শিশুর পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হুসেইন বলেন, বেসরকারি সংস্থাগুলোর পরামর্শ ও মন্ত্রণালয়গুলো একসঙ্গে কাজ করলে পানিতে ডুবে শিশুমৃত্যুর মতো জাতীয় একটি সমস্যা ঠেকানো সম্ভব।

সেমিনারে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান, সাবেক স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সিআইপিআরবির নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমানসহ প্রমুখ বক্তব্য দেন।