দিনে ফেরিওয়ালা, রাতে ডাকাত আতঙ্কে শরীয়তপুরবাসী
শরীয়তপুরে ডাকাতির ঘটনা বাড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। একই কারণে পুলিশ প্রশাসনও চিন্তিত। সংঘবদ্ধ ডাকাতদের কয়েকটি দল শরীয়তপুরের বিভিন্ন স্থানে দিনে ফেরিওয়ালা সেজে ধনাঢ্য পরিবারের তথ্য সংগ্রহ করে। আর তারাই রাতে ডাকাতি করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত এক মাসে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ১৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় পুলিশ ২২ মে জাজিরা উপজেলার নাওডোবা থেকে সাতজন ও ২০ জুন নড়িয়া উপজেলার ঘড়িসার থেকে ছয়জন ডাকাতকে আটক করে। তারা মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুরের বাসিন্দা। দিনের বেলায় তারা শরীয়তপুরের বিভিন্ন গ্রামে ফেরিওয়ালা সেজে পণ্য বিক্রি করতে গিয়ে বাড়ির সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। মূলত প্রবাসীদের পরিবারগুলোকে চিহ্নিত করেই তারা ডাকাতি করতে আসে। গত এক মাসে আটক ১৩ জন ডাকাত পুলিশ ও সাংবাদিকদের এমন তথ্য দিয়েছে।পণ্ডিতসার গ্রামের গৃহবধূ সোনিয়া আক্তার বলেন, ‘অপরিচিত অনেক মানুষ দিনে পণ্যসামগ্রী বিক্রি করতে আসে। তারা বাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান করে। আমাদের পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে চায়। আমরা না বুঝে তাদের সব বলে দিই। রাতে তারাই ডাকাতি করে।’শরীয়তপুর বণিক সমিতির সভাপতি আজিজুল হক মোল্লা বলেন, ‘ফেরিওয়ালা সেজে অপরিচিত অনেক মানুষ গ্রামে ঘোরাফেরা করে। তারাই নানা ধরনের অপকর্ম করে। এ বিষয়ে পুলিশ ও এলাকার লোকজনদের সতর্ক থাকতে হবে।’আটক হওয়া ডাকাত বিল্লাল সরদার সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের সদস্যরা ফেরিওয়ালা সেজে তথ্য সংগ্রহ করেন। দিনে আমরা পরামর্শ করে বাড়ি চিহ্নিত করে রাখি। রাতে সবাই একত্র হয়ে ডাকাতি করি। আমরা শরীয়তপুরে ছয় মাস ধরে আছি।’শরীয়তপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘গত কয়েক দিনে ১৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তারা দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করার কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে আমরাও দুশ্চিন্তায় আছি। ডাকাতচক্রগুলোর সদস্যদের আটকে পুলিশের টহল বাড়ানো হয়েছে।’