দিনের বেলায় বসতভিটায় আসি, আর রাতে আশ্রয়কেন্দ্রে চলে যাই। বৃষ্টি হলে এখন খুব ভয় করে। কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার রশিকনগর দাখিল মাদ্রাসায় আশ্রয় নেওয়া মধ্য বোয়ালখালী এলাকার হোসেন আলী (৫৫)।
দীঘিনালার মধ্য বোয়ালখালী এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাস করা ১৮টি পরিবারকে গত সোমবার রশিকনগর দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। হোসেন আলীর মতো এখানকার ৮০ জন আশ্রিতই দিনের বেলায় নিজেদের ঘরেই থাকছেন আর রাতে এসে আশ্রয় নিচ্ছেন মাদ্রাসায়।
গত সোমবার রাতে রশিকনগর মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে গেলে হোসেন আলী বলেন, ‘পাহাড় ঘেঁষে আমাদের পাড়া। গত তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের একাংশ ধসে যাওয়ায় আমরা আশ্রয়কেন্দ্র চলে এসেছি। কিন্তু এখানে সারা দিন থাকলে কাজকর্ম বন্ধ রাখতে হয়। তাই দিনের বেলায় বাড়িতে চলে যাই।’
গতকাল মঙ্গলবার সকালে মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকায় গিয়ে দেখা যায়, এ এলাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন বাড়িতে এসে স্বাভাবিক কাজকর্ম করছেন। এখানকার বাসিন্দা মরিয়ম বেগম (৪৮) ও মো. হোসেন আলীর ঘরের পাশে পাহাড়ের মাটি ধসে পড়েছে। তাঁরা বলেন, পাহাড়ধসের আতঙ্কে বসতবাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল তাঁরা আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে রেখেছেন। রাতে পাহাড়ধসের ভয়ে তাঁরা মাদ্রাসায় চলে যান। সেখানে রাত কাটিয়ে ফিরে আসেন সকালে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের ঝুঁকি থাকায় মধ্য বোয়ালখালীর ১৮টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিবারগুলোকে অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, পাহাড়ধসের ঝুঁকিতে থাকায় দীঘিনালা উপজেলার দুটি বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এই দুটি বিদ্যালয় হচ্ছে মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।