দিনে বাস, রাতে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন ও বাস মালিক শ্রমিক পরিবহন সংগঠন। অবরোধের কারণে দিনের বেলা যাত্রীবাহী বাস এবং রাতে পণ্যবাহী ট্রাক চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার দুই দফায় জনপ্রতিনিধি, মালিক-শ্রমিক সংগঠন, স্থানীয় প্রতিনিধি ও গ্রাম পুলিশের সঙ্গে বৈঠক করেছে। গতকাল দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস মালিকদের সব সংগঠন, ট্রাক মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরিবহন চালু রাখতে আহ্বান জানানো হয়। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় দিনের বেলা যাত্রীবাহী সব পরিবহন এবং রাতে পণ্যবাহী ট্রাক চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনে-রাতে সড়ক-মহাসড়কের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, যৌথ সভায় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাস মালিক, পরিবহন শ্রমিক ইউনিয়ন, সব ধরনের যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল-পটুয়াখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, রাতের বেলা চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর সন্ধ্যা সাতটার পর অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বুধবার রাত সাড়ে আটটায় রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধে বৈঠক করেছে পুলিশ প্রশাসন। এ সময় সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান নির্বাচন করে সেগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়। মহানগরের পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের উপকমিশনার (উত্তর) জিল্লুর রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীন, থানার ওসি কাজী মাহাবুর রহমান প্রমুখ।