প্রতি ঘণ্টা বা আধঘণ্টায় নয়; সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিটে মিনিটে চলে আসা-যাওয়ার খেলা। আর রাত নামলে সেটুকুও উধাও হয়ে যায়। গত শুক্র ও শনিবার বিদ্যুতের এই অবস্থার মধ্য দিয়ে সময় কেটেছে বগুড়া শহরবাসীর।
দিনে বিদ্যুতের এ ভেলকিবাজিতে ও বিদ্যুৎবিহীন রাত কাটিয়ে বগুড়া শহরবাসী অতিষ্ঠ হলেও পিডিবির বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রশিদ বলছেন, এখানে বিদ্যুতের তেমন কোনো ঘাটতি নেই। তাই লোডশেডিং অসহনীয় পর্যায়ে যাওয়ার কথা নয়। দিনেরাতে শহরের সিংহভাগ অংশে কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, সেটা পিডিবির সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীই ভালো বলতে পারবেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রাহকসেবার সুবিধার্থে বগুড়া শহরকে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২ এবং ৩ এই তিন ভাগে ভাগ করে নিয়েছে তারা। এর মধ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতায় রয়েছে সাতমাথা থেকে শেরপুর সড়ক হয়ে শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা জলেশ্বরীতলা (ডিসি ও এসপি বাংলো), ম্যাজিস্ট্রেট কোয়ার্টারসহ, রহমাননগর, মালতিনগর, সেউজগাড়ি, সূত্রাপুর (জেলা জজের বাংলো ও বিচারকদের আবাসিক কোয়ার্টারসহ), ঠনঠনিয়া, কলোনি, বনানী, ফুলদীঘি, ফুলতলা, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, মাঝিড়া বি-ব্লক ক্যান্টনমেন্ট এলাকা।
এই সঞ্চালন লাইনের আওতায় কয়েক লাখ আবাসিক গ্রাহক ছাড়াও রয়েছে বড় ও মাঝারি বহু শিল্প কারখানা। রয়েছে শহরের তিন শতাধিক বেসরকারি ক্লিনিক হাসপাতাল, আড়াই শ শয্যাবিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল, ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ সেবাধর্মী নানা প্রতিষ্ঠান।
এই এলাকার পিডিবি গ্রাহকদের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরেই লোডশেডিংয়ে অতিষ্ঠ তাঁরা। দিনের বেলা প্রতি ঘণ্টায় তিন-চারবার বিদ্যুৎ যায়-আসে। কখনো এই লুকোচুরি মিনিটে মিনিটে চলে চলে। বিশেষ করে গত দুই দিনে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। শুক্র ও শনিবার রাতে যথাক্রমে সাত ও চার ঘণ্টা টানা বিদ্যুৎহীন কাটিয়েছেন তাঁরা।
শহরের সেউজগাড়ি পানির ট্যাংক গলির বাসিন্দা ফজলুর রহমান তালুকদার অভিযোগ করে বলেন, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা বিদ্যুৎ ছিল না। আর আগের রাতে সন্ধ্যা সাতটা থেকে রাত দুইটা পর্যন্ত টানা বিদ্যুৎ ছিল না। দিনেও তাঁদের অসহনীয় লোডশেডিং সহ্য করতে হচ্ছে। এটা নজিরবিহীন।
শেরপুর সড়কের বেসরকারি হাসপাতালের একজন মালিক বলেন, বেশির ভাগ ক্লিনিক-হাসপাতালে অস্ত্রোপচার হয় রাতের বেলা। বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে কোনোরকমে অস্ত্রোপচার কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু জেনারেটরে এসি চালানো সম্ভব নয়। ফলে রোগীদের দুর্ভোগ বেড়েছে।
শহরের আবাসিক-বাণিজ্যিক সবখানেই এখন বিদ্যুৎ নিয়ে এমন হতাশা শুরু হয়েছে। ভ্যাপসা গরমে আবাসিক এলাকার মানুষকে দুঃসহ যন্ত্রণায় পড়তে হচ্ছে। আবার কলকারখানার চাকাও বন্ধ হয়ে থাকছে।
জানতে চাইলে বগুড়া পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, লোডশেডিংয়ের কারণে নয়, ৩৩৩ কেভির সোর্স লাইনের ত্রুটির কারণে এ সঞ্চালন লাইনে শনিবার রাতে চার ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল। আর শুক্রবার রাতের সাত ঘণ্টা বিদ্যুৎ বিপর্যয়ের কারণ ছিল কারিগরি ত্রুটি। তিনি আরও বলেন, নব্বই সালের পুরোনো সোর্স লাইনে ত্রুটির কারণে প্রায়ই বিদ্যুৎ সরবরাহে এমন বিঘ্ন ঘটছে। রাতের বেলা এমন ত্রুটি ঘটলে তা খুঁজে বের করতে হিমশিম খেতে হয়। নতুন লাইন নির্মাণ অনেক ব্যয়সাপেক্ষ। দিনের বেলা বিদ্যুতের যাওয়া-আসা করার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি পিডিবির এই প্রকৌশলী।