দিনে মিটারে, রাতে চুক্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ১ নভেম্বর থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়িয়েছে সরকার। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর জোর গলায় ঘোষণা দেওয়া হয়েছিল, ঢাকায় সব অটোরিকশা মিটারে চলবে। কিন্তু নতুন ভাড়া কার্যকর হওয়ার পর অনেক চালক তা মানছেন না।
মিটারে চলা অটোরিকশাচালকেরা অভিযোগ করছেন, প্রাইভেট নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাগুলো ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করছে। এসব প্রাইভেট অটোরিকশার মিটার না থাকায় তারা চুক্তিতে যাত্রী তুলছে। ফলে এক শহরে দুই নিয়ম চলছে। এতে করে মিটারে চালানো চালকদের ক্ষতি হচ্ছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, অটোরিকশাগুলো দিনে মোটামুটিভাবে মিটারে চলছে। কিন্তু সন্ধ্যার পর যাত্রীদের যেতে হচ্ছে চুক্তিতে। এ ছাড়া স্বল্প দূরত্বে অনেক চালকই মিটারে চলতে রাজি হন না। আবার যাঁরাও বা মিটারে নির্ধারিত ভাড়ায় চলছেন, তাঁদের দাবি মিটারের চেয়ে ২০ টাকা বেশি।
শ্যামলী থেকে গুলশান-১ নম্বর যাবেন মারুফ রহমান। একটি অটোরিকশার চালক গন্তব্যে যেতে তাঁর কাছে মিটারের চেয়েও ২০ টাকা বেশি ভাড়া দাবি করেন। পাশেই দাঁড়ানো প্রাইভেট একটি সিএনজির চালক একই গন্তব্যে যেতে ১৫০ টাকা চাইতেই চরে বসলেন মারুফ।
মিটারে গেলেন না কেন জানতে চাইলে মারুফ বলেন, ‘নতুন নির্ধারিত ভাড়ায় মিটারে গুলশান যেতেই ১৫০-১৬০ টাকা উঠে যায়। আবার চালকের আবদার মেটাতে ২০ টাকা বেশি দেওয়ার চেয়ে আমি চুক্তিতে যাওয়াই ভালো বলে মনি করি।’
আবার অনেক যাত্রী ১০-২০ টাকা বেশি দিয়ে মিটারে গিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হেলাল আহমেদ বলেন, এখন যেভাবে মিটারে অটোরিকশাগুলো চলছে তাতে সুবিধা হচ্ছে যাতায়াতে। অনেক সময় চালকেরা মিটার থেকে ১০-২০ টাকা বাড়িয়ে দিতে বলেন। তবে এই মিটারে যাওয়াটা যেন চালু থাকে। এ জন্য সরকারের কড়া নিয়ন্ত্রণ থাকা দরকার।
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়ার হার ১ নভেম্বর থেকে কার্যকর হয়। নতুন ভাড়া অনুযায়ী অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। পরের প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা। প্রতি এক মিনিট ওয়েটিংয়ের (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল) জন্য দুই টাকা। মালিকের জমা ৯০০ টাকা।
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, ‘এখনো মিটারে যাওয়াটা ১০০ ভাগ নিশ্চিত করা যায়নি। তবে আমরা চেষ্টা করছি। বাবুবাজার, গুলিস্তান, কমলাপুর, সদরঘাটসহ কয়েক জায়গায় চালকদের সিন্ডিকেট আছে যাঁরা সন্ধ্যার পর মিটারে চালান না।’ সিএনজিচালকদের এই নেতা প্রাইভেটে নিবন্ধিত অটোরিকশাগুলোর যাত্রী পরিবহন বন্ধ করার দাবিও জানান। অন্তত ১০ জন প্রাইভেট অটোরিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সারা দিনই চুক্তিতে যাত্রী আনা-নেওয়া করেন। ভ্রাম্যমাণ আদালত ধরলে যাত্রীদের অটোরিকশার মালিক বলে চালিয়ে দেন। মাঝেমধ্যে জরিমানাও দিতে হয়।
অটোরিকশায় ভাড়া নৈরাজ্য বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ মুহূর্তে বিআরটিএর এনফোর্সমেন্ট শাখার ছয়জন ম্যাজিস্ট্রেট আছেন যাঁরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচিব মুহাম্মদ শওকত আলী বলেন, ‘প্রাইভেট নিবন্ধিত অটোরিকশার যাত্রী পরিবহনের অভিযোগটি আমরাও শুনেছি। প্রাইভেট সিএনজি যাত্রী পরিবহন বা বাণিজ্যিক কাজে ব্যবহার হতে পারবে না। তবে প্রাইভেট সিএনজিতে যাঁরা চড়েন, তাঁদের কে যাত্রী আর কে মালিক সেটি নির্ণয় করাও কঠিন। সিএনজির নম্বর দিয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’