দিনে-রাতে দানবের মতো ছুটে চলে ট্রাক, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার মধ্য দিয়ে দিনে-রাতে বেপরোয়া গতিতে ট্রাক চলাচল করছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েক বছরে পৌর এলাকার ভেতরে ট্রাকের চাপা ও ধাক্কায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
২০১৩ সালের ১ অক্টোবর ফাহিম মোন্তাহিন নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ট্রাকের চাপায় নিহত হয়। ৩ অক্টোবর শিক্ষক-শিক্ষার্থীসহ পৌরবাসী এলাকার ভেতরে অবাধে ট্রাক চলাচল বন্ধ করাসহ আট দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিনের বেলায় পৌর এলাকার সড়কগুলোতে ট্রাক চলাচল বন্ধ করার ঘোষণা দেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাকি দাবিগুলোও পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন ওসি। বাকি দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কানাইবাড়ী মোড়সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন ও সড়কগুলোর ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক স্থাপন।
মানববন্ধনের পর পৌর এলাকার রাস্তায় সপ্তাহ খানেক কিছুটা নিয়ন্ত্রিত গতিতে বালুবাহী ট্রাকগুলো চলাচল করে। এরপর আবারও বেপরোয়া গতিতে ট্রাক চলাচল শুরু হয়। এখন মাটি ভরাটের মৌসুম হওয়ায় বেশ কয়েক দিন ধরে মাটি ও বালুবাহী ট্রাকের বেপরোয়া গতিতে চলাচল আগের চেয়েও বেড়ে গেছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীদের মধ্যে আতঙ্কও বেড়ে গেছে। মানববন্ধনে পৌরবাসীর করা দাবির একটিও আজ পর্যন্ত পূরণ হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসস্ট্যান্ড থেকে বেড়া বাজার হয়ে ডাকবাংলো পর্যন্ত পৌর এলাকার প্রধান সড়কসহ অন্যান্য সড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেপরোয়া গতিতে ট্রাকগুলো ছুটে চলে। এসব ট্রাকের বেশির ভাগেরই ফিটনেস ও বৈধ কাগজপত্র নেই। তা ছাড়া অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। ট্রাকের হেলপারদের প্রায়ই দেখা যায় চালকের আসনে।
পৌরবাসী জানান, বালু ও মাটিবাহী ট্রাকগুলো সকালেই বেশি চলাচল করে। ওই সময়ে পৌর এলাকার ১৪টি প্রাথমিক ও ছয়টি মাধ্যমিক বিদ্যালয়সহ ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ট্রাকগুলোর কারণে এসব শিক্ষার্থী চরম আতঙ্ক নিয়ে চলাচল করে।
বেড়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা কলেজশিক্ষক আবুল কালাম বলেন, ‘বাচ্চারা স্কুলে আসা-যাওয়ার জন্য রাস্তায় বের হলে আতঙ্কে থাকি। ট্রাকগুলো দানবের মতো এত দ্রুত গতিতে ছোটাছুটি করে যে, মনে হয় এই বুঝি কিছু ঘটল।’
বেড়ার মনজুর কাদের মহিলা কলেজের কর্মচারী আনসার আলী জানান, বছর দুয়েক আগে অধ্যক্ষ ও কয়েকজন ছাত্রীসহ তিনি কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করেই বেপরোয়া গতির একটি ট্রাক রাস্তা ছেড়ে তাঁদের দিকে ছুটে আসে। এ সময় কোনোরকমে লাফিয়ে অধ্যক্ষ ও ছাত্রীরা বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন।
বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে ও ছুটির পরে ট্রাক চলাচল বন্ধের দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন ও সঞ্চারকলিপি দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও ট্রাক চলাচল বন্ধ হয়নি।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, দিনের বেলায় যাতে দ্রুত গতিতে ট্রাক চলাচল করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।