নীলফামারীর সৈয়দপুরকে যানজটমুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে মাইকে ওই বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
সৈয়দপুর ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর হচ্ছে রংপুর বিভাগের সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্যসমৃদ্ধ শহর। বাণিজ্যিক কারণেই এ অঞ্চলের আট জেলার মানুষ এখানে ভিড় করেন। পণ্য আমদানি-রপ্তানির প্রয়োজনে প্রচুর ট্রাক ও ভারী যানবাহন প্রবেশ করে শহরে। ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সৈয়দপুর শহরে রয়েছে বেশ কটি ভালোমানের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাসংক্রান্ত কারণে শিক্ষার্থী-অভিভাবকদের চাপে শহর ব্যস্ত থাকে সারা দিন। এ ছাড়া দিনে সৈয়দপুর বিমানবন্দরে একাধিক বিমান উড্ডয়ন-অবতরণ করে। এ কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দেশি-বিদেশি মানুষের পদভারে মুখরিত থাকে শহর। যানবাহন চলাচল বেড়ে যায়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সৈয়দপুরকে ঝামেলামুক্ত রাখতে নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এর অন্যতম হলো শহরকে যানজটমুক্ত করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সৈয়দপুর শহরে কোনো ট্রাক ও ভারী যানবাহন চলবে না, যেখানে-সেখানে গাড়ি পার্ক করা যাবে না, ব্যাটারিচালিত কোনো রিকশা-রিকশাভ্যান চলতে পারবে না। তবে অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলবে। নির্দেশ অমান্য করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক নাহিদ পারভেজ বলেন, ‘বিজ্ঞপ্তি জারি হওয়ায় আমাদের তৎপরতা বেড়ে গেল। ঘোষণা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, জনস্বার্থেই গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। শহর স্বাচ্ছন্দ্যময় রাখা সবার দায়িত্ব। তিনি এ ব্যাপারে শহরবাসীর সহযোগিতা কামনা করেন।