দিনে স্বাভাবিক, রাতে আতঙ্ক

একটানা অবরোধে রংপুর নগরের মানুষ দিনে স্বাভাবিকভাবে চলাচল করলেও রাতে বদলে যায় দৃশ্যপট। রাত হলেই নগর ও মহাসড়কের িবভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় আতঙ্ক নিয়ে চলাচল করছে মানুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার রাতে নগরের একাধিক স্থানে একটি ট্রাক, তিনটি মোটরসাইকেল ও সাংবাদিক বহনকারী একটি প্রাইভেট কার ভাঙচুর করেন অবরোধকারীরা। নগরের মহাসড়কের দর্শনা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মাহিগঞ্জ চারমাথা মোড়, ধর্মদাস, হাজিরহাটসহ আরও কিছু এলাকায় যেকোনো ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
রোববার রাতে নগরের হাজিরহাট এলাকার মহাসড়কে বেসরকারি টেলিভিশন চ্যানেল েটায়েন্টি ফোরের সাংবাদিককে বহনকারী একটি গাড়ি অবরোধকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে ভেঙে দিয়েছেন।
ঘটনার শিকার সাংবাদিক জুয়েল আহমেদ বলেন, ‘একটি খবরের প্রতিবেদন তৈরি করতে ওই পথ দিয়ে পাগলাপীর এলাকায় যাচ্ছিলাম। কিন্তু হাজিরহাট এলাকায় এলে মহাসড়কের পাশে ওত পেতে থাকা আনুমানিক ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।’
গতকাল সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে মহাসড়কের মেডিকেল মোড়ে ৮ থেকে ১০টি যাত্রীবাহী মিনিবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশি প্রহরায় এসব গাড়ি দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চলাচল করছে।
এরই মধ্যে আশরাফ আলী নামের একজন যাত্রী সৈয়দপুরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে উঠতে বলেন, ‘ভয় ও আতঙ্ক রয়েছে বলেই মানুষজনও কম। এরপরও যাচ্ছি, দেখা যাক কী হয়।’
অন্যদিকে রোববার রাতে নগরের মহাসড়কের দমদমা সেতু, মডার্ন মোড়, দর্শনা মোড়ে তিনটি মোটরসাইকেল ও শুঁটকির মোড়ে একটি ট্রাক ভাঙচুর করা হয়। মোটরসাইকেল ভাঙচুরের শিকার শহরের ইসলামবাগ এলাকার ব্যবসায়ী সোনা মিয়া (৫০) বলেন, ‘দিনের বেলা মহাসড়কসহ শহরের বিভিন্ন স্থানে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু রাতে চলাফেরা অনেকটা ঝুঁকিপূর্ণ।’
শহরের ধাপ এলাকায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ শাহানুর রহমান বলেন, ‘চাকরি করতে গেলে আমাদের মোটরসাইকেল ছাড়া চলে না। কিন্তু দিনে দেখেশুনে ঘোরাফেরা করা গেলেও রাতে ভয় লাগে।’
কোতোয়ািল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া পুলিশি পাহারায় মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে প্রহরা দিয়ে পার করা হচ্ছে।