দিনে হেমন্ত, রাতে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত পড়তে শুরু করেছে দেশের উত্তরে হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে। শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। গ্রামে একটু বেশি। দ্রুত পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। এখানে এখন দিনে গরম ও রাতে শীত, সঙ্গে কুয়াশাও পড়ছে। কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরকণা। প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল এর। কিন্তু সেই আগমন যেন একটু আগেভাগেই ঘটল। পঞ্চগড়ে এখন দিনে হেমন্ত, রাতে শীত।পরিবেশবিদেরা বলছেন, এটা প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে হচ্ছে। পঞ্চগড়ে হেমন্তের শুরু থেকেই দিনে গরম হাওয়া বইছে। গাছে গাছে ফুটছে শিউলি, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রং ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রতিনিয়ত বইছে হিমেল হাওয়া। সকালে পুবের আকাশ ফুঁড়ে উঠছে সূর্য। দিনে গরম অনুভূত হচ্ছে।হঠাৎ এ জেলার আবহাওয়ায় পরিবর্তন এসেছে। এক সপ্তাহ ধরে আবহাওয়ার এ পরিবর্তন দেখছে এ এলাকার মানুষ। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে ঠান্ডা হাওয়া। সন্ধ্যার পরপরই গরম কমে যাচ্ছে। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেকেই বৈদ্যুতিক পাখা চালানো বন্ধ রাখছে। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছে কেউ কেউ। রাতে কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।পঞ্চগড় সদর উপজেলার চাকলা গ্রামের আনিছুর রহমান বলেন, রাতে কম্বল ও কাঁথা নিতে হচ্ছে। সন্ধ্যার পরই কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারদিক, শিশির পড়ছে।পঞ্চগড়ে আবহাওয়া অফিস নেই। তাই তাপমাত্রা জানা যায়নি। পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান মো. তোহিদুল বারী জানান, বাতাসের তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে। এ কারণে শীত নামছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতি বিরূপ হয়ে যাচ্ছে। এ কারণে অসময়ে শীত বা গরম পড়ছে।