দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সময়মতো বোরো চাষে পানি দিতে পারছেন না কৃষকেরা। এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস ধরে এ উপজেলায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর টানা তিন ঘণ্টা দেওয়া হচ্ছে লোডশেডিং। এতে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও সদরের আংশিক এলাকায় তিন মাস ধরে এই পরিস্থিতি চলছে। গরমের শুরুতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। কৃষকেরা বিদ্যুতের অভাবে সময়মতো বোরো চাষে পানি দিতে না পারায় ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন। পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভার ও আটটি ইউনিয়নের ১৭১টি গ্রামের মধ্যে ১৩৩টি গ্রামে বিদ্যুৎ-সংযোগ রয়েছে। বাকি ৩৮ গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি। আর গ্রাহক সংখ্যা প্রায় ১২ হাজার। এ ছাড়া সেচের গ্রাহক সংখ্যা প্রায় ২৫০। মহেশখালী পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বিপ্লব কুমার সরকার বলেন, এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৪ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ মেলে এক থেকে দেড় মেগাওয়াট। এ কারণে তিন ঘণ্টা লোডশেডিংয়ের পর এক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা। এ ব্যাপারে আপাতত তাঁদের কিছুই করার নেই বলে তিনি জানান।