দিনে ২৪ বার থমকে যায় ঈশ্বরদী শহরের মানুষ
পাবনার ঈশ্বরদীবাসীর দৈনিক চলমান জীবনযাত্রা ২৪ বার থমকে থাকে শহরের রেলগেটে। দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। এ অবস্থায় ঈশ্বরদী শহরের রেলগেটে একটি উড়ালসড়ক নির্মাণের দাবি উঠেছে।ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঈশ্বরদী কেন্দ্রীয় বাসটার্মিনাল ঘেঁষে এই লেবেল ক্রসিং রেলওয়ে গেটে জনসাধারণ যানজটের কবলে পড়ে সারা দিনে ২৪ বার। ভুক্তভোগীরা জানান, রেল নিয়ন্ত্রিত গেটটি শুধু ট্রেন চলাচলের সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আটকে রাখার নিয়ম। কিন্তু গেটটি দীর্ঘ সময় বন্ধ রাখায় উভয় প্রান্তের যানবাহন ও মানুষকে প্রতিটি ট্রেনের জন্য ন্যূনতম ২০-৩০ মিনিট আটকে থাকতে হয়। আর এভাবে সারা দিন লেভেল ক্রসিং দিয়ে ট্রেন চলাচল করার সময় দুর্ভোগে পড়ে ঈশ্বরদীবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে গেটের পশ্চিম প্রান্তে রয়েছে উপজেলা পরিষদ, বিমানবন্দর, দুটি ভূমি কার্যালয়সহ ১৫টি সরকারি অফিস। এ ছাড়া একটি স্কুল অ্যান্ড কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি সংস্থার অফিস। অপরদিকে গেটের পূর্ব প্রান্তে স্টেশন রোডে বাজার, সদর থানা পোস্ট অফিস, ফায়ার সার্ভিস, সদর হাসপাতাল, প্রাণী হাসপাতাল, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে যাতায়াতের জন্য দূর-দূরান্তের মানুষকে রেলগেটে এসে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। রেলগেটের কারণে পরীক্ষার সময় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের; বিশেষ করে পূর্ব প্রান্তে একমাত্র মহিলা কলেজ, পশ্চিম প্রান্তের গালর্স স্কুল ও একটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের (বর্তমান সময় অনুযায়ী) সকাল নয়টা থেকে বেলা ১১টার মধ্যে কয়েকটি ট্রেন আপ-ডাউন করার সময় আটকে থাকতে হয়।এ অবস্থায় রেলওয়ে গেটে একটি উড়ালসড়ক নির্মাণের জন্য সব মহল থেকে দাবি উঠেছে। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম জানান, রেলগেটে জরুরিভাবে একটি উড়ালসড়ক নির্মাণ করা দরকার। ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, ঘন ঘন রেলগেট বন্ধের কারণে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ থেকে পরিত্রাণের জন্য একটি উড়ালসড়ক দরকার। পৌর মেয়র মকলেছুর রহমান জানান, শহরের প্রাণকেন্দ্রে রেলগেটে ভয়াবহ যানজটের কারণে পৌরবাসী দীর্ঘদিন থেকে একটি উড়ালসড়ক নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু আর্থিক সংকটের কারণে তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে অতিগুরুত্বপূর্ণ এ বিষয়টির জন্য স্থানীয় সরকার ও রেল মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।এ ব্যাপারে ইন্টারলকিং সুইচ কেবিনের কর্তব্যরত মাস্টার রমিজ উদ্দিন জানান, দূর-দূরান্ত থেকে ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনগুলো পৌঁছানোর পর ও পাকশী স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে গেটের সুইচ বন্ধ করে দেওয়া হয়। এতে ২০-২৫ মিনিট সময় লাগে রেলগেট খুলতে। স্টেশন সুপারিনটেনডেন্ট আসলাম উদ্দিন দুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, আপাতত কোনো বিকল্প নেই। তবে রেলগেট এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা করলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে।