দিনে ২৪টি ক্লাস নেন তিনি
বরগুনা সদর উপজেলার চালিতাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৪ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। ওই শিক্ষক একাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি দুই পালায় শিক্ষার্থীদের ২৪টি ক্লাস নিচ্ছেন।
সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক শহিদুল ইসলাম একসঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিচ্ছেন। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের পড়া দিয়ে ছুটে যাচ্ছেন চতুর্থ শ্রেণিতে। সেখান থেকে আবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছে। এভাবেই শিক্ষার্থীদের পাঠদান চলছে। শহিদুল ইসলাম জানান, বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাপ্তরিক কাজকর্ম করছেন। পাশাপাশি শিক্ষার্থীদেরও ক্লাস নিতে হচ্ছে। এতে প্রতিদিন সকালের পালায় তাঁকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছয়টি ও দুপুরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির আরও ১৮টি ক্লাসসহ মোট ২৪টি ক্লাস নিতে হচ্ছে। মাঝেমধ্যে অসুস্থ থাকলেও তিনি ছুটি নিতে পারেন না।
শহিদুল ইসলাম বলেন, ‘কষ্ট হয়, তার পরও শিক্ষার্থীদের পাঠদান তো আর বন্ধ রাখা যায় না। বারবার মৌখিকভাবে শিক্ষক দেওয়ার দাবি করেছি। এমনকি লিখিতভাবেও বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাইনি।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও প্রধান শিক্ষক গত ৩০ মে অবসরে যান। অপর এক সহকারী শিক্ষক ২০১২ সালের মার্চ মাস থেকে চিকিৎসা ছুটিতে আছেন। এক সহকারী শিক্ষক ৫ মে থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। ২০১০ সালের ১৪ আগস্ট থেকে এক সহকারী শিক্ষক প্রেষণে বরগুনা শহরের চরকলোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিনূর বলে, ‘ঠিকভাবে পাঠদান হয় না বলে আমরা ভালো ফলও করতে পারছি না। গত পিএসসিতে আমাদের বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শিগগিরই প্রেষণে ওই বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হবে। বিদ্যালয়ের এক শিক্ষক প্রেষণে শহরের একটি স্কুলে আছেন। তাঁর প্রেষণও বাতিল করা হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা নতুন করে ১৯ জন শিক্ষক নিয়োগ দিয়েছি। যেসব বিদ্যালয়ে শিক্ষক কম, ওই বিদ্যালয়গুলোতে তাঁদের দেওয়া হবে।’