দিনে ৪০, রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে দিনের বেলা তাপমাত্রা ৪০ ডিগ্রি আর রাতে নেমে আসছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার অস্বাভাবিক এই ওঠামার কারণে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। জেলা উদ্যান বিভাগ বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাস দিনাজপুরে কোনো বৃষ্টিপাত হয়নি। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে বাড়তে শুরু করে। এপ্রিল মাসের শুরু থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে গত চার দিনে দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রিতে ওঠানামা করছে। কিন্তু দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতে ১৯ ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে। ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে আগামী তিন-চার দিনে তাপমাত্রা আরও বেড়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামা ও চিরিরবন্দর উপজেলার অনেক আম ও লিচুবাগানে গিয়ে দেখা গেছে, আম ও লিচুর মুকুল ঝরে গেছে। বাগানের মালিক ও ব্যবসায়ীরা জানান, তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামার বিরূপ প্রভাব পড়ছে আম ও লিচুতে। ফাল্গুনের শুরুতে প্রতিটি গাছ মুকুলে ছেয়ে গিয়েছিল। পাতা দেখা যাচ্ছিল না।
বেদানা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের মাশিমপুর গ্রামের বাগানমালিক মো. রওশন আলী বলেন, ‘দিনত কঠিন রৈদ। গতর পুড়ি যাছে। বাড়ি থাকি বাহির হওয়ায় মুশকিল। কিন্তুক রাইতত ফির ঠান্ডা হই আইসেছে। ভোর বেলা গুদড়ি (কাঁথা) ঢাকা নিবা হচ্ছে। এই রকম ঠান্ডা গরমের তনে আম লিচু গাছ থাকি খসি পড়েছে।’ কাহারোল উপজেলার মাধববাটি গ্রামের লিচুবাগানের মালিক আবুল কালাম আযাদ বলেন, আম-লিচুর গাছে প্রচুর মুকুল এসেছিল। সময়মতো গাছে পানি, সার, কীটনাশক, বালাইনাশক প্রয়োগ করা হয়েছে। কিন্তু প্রথম দফায় গাছ থেকে মুকুল ঝরে গেছে। এরপর গুটি দানা হওয়ার পর প্রতিদিন আম ও লিচুর গুটি ঝরে পড়া বন্ধ হচ্ছে না বলে জানান তিনি।
দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সায়খুল আরেফিন প্রথম আলোকে বলেন, জেলায় প্রায় তিন হাজার হেক্টর জমিতে আম এবং দুই হাজার হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে। মৌসুমের শুরুতে গাছে প্রচুর মুকুল এসেছিল। কিন্তু দীর্ঘ শুষ্কতা এবং তাপমাত্রা অস্বাভাবিক ওঠানামার কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিপর্যয় ঠেকাতে তিনি আম ও লিচুগাছের গোড়া এবং পুরো গাছে পানি ছিটানোর পরামর্শ দিয়েছেন।
হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা যখন ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, ওই সময় গাছের শোষণ কার্যক্রম বেড়ে যায়। ফুল বা ফলের বোঁটায় ‘অ্যাবসাইটিক অ্যাসিড’ জমে গিয়ে ফুল এবং ফলের বোঁটা আলগা হয়ে ঝরে যায়। এ ধরনের আবহাওয়ায় ফলে ও পাতায় রসের ঘাটতি দেখা দেয়।